© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ

শেয়ার করুন:
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ০৫ মার্চ, ২০২৬
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সংগীতশিল্পী বশির আহমেদ ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংস্কৃতি অঙ্গন থেকে চলতি বছর দুইজন পাচ্ছেন এ পুরস্কার।

‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ সর্বমোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মান প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

মনোনীত তালিকায় সাত নম্বরে রয়েছে এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত)-এর নাম। এরপরেই আট নম্বরে রয়েছে উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বশির আহমেদের (মরণোত্তর) নাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনীতদের এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় আরও যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে:

স্বাধীনতা ও দেশগঠন: স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া। এ ছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর) মনোনীত হয়েছেন।

মুক্তিযুদ্ধ: এই ক্ষেত্রে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর) মনোনীত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম।

চিকিৎসাবিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

সাহিত্য ও সংস্কৃতি: সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে হানিফ সংকেত (এ কে এম হানিফ) ও বশির আহমেদ (মরণোত্তর) মনোনীত হয়েছেন।

সমাজসেবা ও জনসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র এই বিভাগে পুরস্কার পাচ্ছেন।

গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অন্যান্য: ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান লিনু, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) মনোনীত হয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে এই পদক তুলে দেয়া হবে।

টিকে/

মন্তব্য করুন