© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার অ্যাকশন চরিত্রে মেহজাবীন চৌধুরী

শেয়ার করুন:
প্রথমবার অ্যাকশন চরিত্রে মেহজাবীন চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ পিএম | ০৫ মার্চ, ২০২৬
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। এই সিরিজে ভক্তদের জন্য রয়েছে এক নতুন চমক। ‘ক্যাকটাস’ সিরিজে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী।

মঙ্গলবার (৪ মার্চ) প্রকাশ পেয়েছে স্পাই থ্রিলার ঘরানার ‘ক্যাকটাস’র টিজার। রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এই সিরিজ।



১ মিনিট ১৮ সেকেন্ডের টিজারে দেখা যায়, মানসিব নামের এক ব্যক্তি আন্ডারওয়ার্ল্ডে 'ক্যাকটাস' নামে পরিচিত। সে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার (সাইবার অপরাধী) থেকে গ্রে হ্যাট হ্যাকারে রূপান্তরিত হয়। পুলিশের হাতে ধরা পড়ে তার চার বছরের জেল হয় তার। কিন্তু ক্যাকটাসকে তার চার বছরের সাজা মাফ করে দেয়ার প্রস্তাব দেয়া হয়। এর বিনিময়ে তাকে সরকারের কোনো সাহায্য ছাড়াই একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গোপন মিশনে অংশ নিতে বলা হয়। মিশনটি করার সময় তাকে সতর্ক করা হয় সে যদি পালানোর চেষ্টা করে তাহলে তার পরিবারের ক্ষতি হতে পারে।

এই অভিযানে মানসিভের দেখা হয় অনুরার সঙ্গে। এ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টিজারে মেহজাবীনকে দেখা যায় শক্তিশালী অবতারে অ্যাকশন দৃশ্যে শত্রুদের সঙ্গে মারপিট করছেন তিনি।

টিজারটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতুহূল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে মেহজাবীনের শক্তিশালী, আত্মবিশ্বাসী ও রহস্যময় উপস্থিতি গল্পে যুক্ত করেছে এক ভিন্ন মাত্রা।



প্রথমবার অ্যাকশন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই গল্পটা আমার ভালো লেগেছে। এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং এবং এক্সাইটিং। নতুন অনেক কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর এডওয়ার্ড গোমেজ এবং তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন।’

প্রীতম হাসান বলেন, ‘মানসিভ চরিত্রটির একটা জার্নি আছে। আশা করি দর্শকেরাও আমার সঙ্গে সেই জার্নিতে শামিল হবেন। মানসিভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়।’

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘টিজার দেখে দর্শকেরা হয়তো বুঝতে পারছেন যে এবারের শুটিং সাধারণ না, বেশ চ্যালেঞ্জিং ছিল। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং এর গল্প। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়েও অনেক বড়।’

ক্যাকটাসের গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির। এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

পিআর/টিএ

মন্তব্য করুন