© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়-রাশমিকাকে আশীর্বাদ করে কী দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি?

শেয়ার করুন:
বিজয়-রাশমিকাকে আশীর্বাদ করে কী দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ০৬ মার্চ, ২০২৬
দক্ষিণী সিনেমা দুনিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করেছেন তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পর এখনো আলোচনার কেন্দ্রেই রয়েছেন এই নবদম্পতি। সেই আবহেই তাদের ঘরে গিয়ে শুভেচ্ছা জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

সম্প্রতি উদয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন বিজয় ও রাশমিকা । বিয়ের পর থেকেই তাদের সম্পর্ক, পারিবারিক মুহূর্ত এবং নানা আচার-অনুষ্ঠানের ছবি ও ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। নতুন জীবন শুরু করার পর রাশমিকা কে নিয়ে হায়দরাবাদের বাড়িতে ফেরেন বিজয়। তখনই এক ভিডিও বার্তায় তিনি মজার ছলে বলেন, তেলেগু রাজ্য নতুন বউমা পেয়েছে, সবাই যেন রাশমিকা র যত্ন নেন। এই কথাতেই ভক্তদের কাছে দায়িত্বশীল ও যত্নবান স্বামীর ভাবমূর্তি আরও দৃঢ় হয়।

বিয়ের পর গত ৪ মার্চ রাতে হায়দরাবাদের এক বিলাসবহুল হোটেলে বসেছিল তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার বহু তারকার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সংবর্ধনায় হাজির ছিলেন আল্লু অর্জুন, চিরঞ্জীবি, রামচরণ, নাগার্জুন, নাগা চৈতন্য, করণ জোহর, কৃতি শ্যানন, নম্রতা শিরোদকর ও রবি তেজাসহ অনেকেই। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও।

তবে সেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বিয়ের আগেই বিজয় ও রাশমিকা তার সঙ্গে দেখা করে নিমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও পরে সেই আমন্ত্রণের সম্মান রাখেন তিনি।



সংবর্ধনার পরদিন সন্ধ্যায় ফুলের তোড়া ও উপহার নিয়ে হায়দরাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাসভবনে পৌঁছান রেবন্ত রেড্ডি। সেখানে নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শুভেচ্ছা জানান এবং রাশমিকা কে আশীর্বাদ করেন। তেলেঙ্গানার নতুন বউমাকে উপহারও তুলে দেন তিনি।

এই বিশেষ মুহূর্তের ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন বিজয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে তোলা ছবির সঙ্গে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজয় লেখেন, তেলেঙ্গানার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে এসে আশীর্বাদ করেছেন, তার এই স্নেহ ও ভালোবাসার জন্য তারা কৃতজ্ঞ। একই পোস্টে ধন্যবাদ জানান রাশমিকা ও। তার কথায়, এই আশীর্বাদ তাদের কাছে সত্যিই বিশেষ।

বিয়ের এক সপ্তাহ পার না হতেই তারকাদম্পতির ঘরে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা সফর নতুন করে আলোচনায় এনে দিয়েছে বিজয় ও রাশমিকা র দাম্পত্য জীবনকে। দক্ষিণী চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটিকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসও যেন থামার নাম নিচ্ছে না।


পিআর/টিকে

মন্তব্য করুন