© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের জন্মদিনে ৩৫৫০ সিঁড়ি পেরিয়ে তিরুমালায় পুজো দিলেন জাহ্নবী কাপুর

শেয়ার করুন:
নিজের জন্মদিনে ৩৫৫০ সিঁড়ি পেরিয়ে তিরুমালায় পুজো দিলেন জাহ্নবী কাপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১০ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বলিউড তারকা জাহ্নবী কাপুরের জন্মদিন মানেই ভক্তদের কাছে এক ভিন্ন দৃশ্য। ঝলমলে পার্টি বা তারকাখচিত আয়োজন নয়, বরং ঈশ্বরের আরাধনার মধ্য দিয়েই বিশেষ দিনটি শুরু করতে পছন্দ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। ঊনত্রিশতম জন্মদিনের ভোরে অন্ধ্রপ্রদেশের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করলেন শ্রীদেবী কন্যা।

ভোরের আলো ফোটার আগেই মন্দির প্রাঙ্গণে পৌঁছে যান জাহ্নবী। সাধারণ ভক্তদের মতোই খালি পায়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মন্দিরে উঠতে দেখা যায় তাকে। তিরুমালায় পুজো দিতে হলে প্রায় তিন হাজার পাঁচশ পঞ্চাশটি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। সেই কঠিন পথও নির্বিকার ভঙ্গিতেই অতিক্রম করেন এই অভিনেত্রী।

সেদিন তার পরনে ছিল একেবারে সাদামাটা পোশাক। মুখে ছিল না কোনো সাজগোজের ছাপ। তারকা পরিচয়ের কোনো আড়ম্বর ছাড়াই অন্য তীর্থযাত্রীদের সঙ্গে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায় তাকে। হঠাৎ করে জনপ্রিয় এই অভিনেত্রীকে সামনে দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েন। তবে সেই বিস্ময়ের মাঝেও ভক্তদের অনুরোধে হাসিমুখে সেলফিও তুলেছেন তিনি।

জাহ্নবীর এই তীর্থযাত্রার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। জন্মদিনের সকালে তার এই ধর্মীয় অনুশীলন দেখে মুগ্ধ হয়েছেন নেটদুনিয়ার অনুরাগীরা। অনেকেই আবার তাকে স্নেহভরে ‘সংস্কারী কন্যা’ বলেও উল্লেখ করেছেন।



ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে জাহ্নবীর সম্পর্ক নতুন নয়। মা শ্রীদেবীর কাছ থেকেই ছোটবেলা থেকে এই অভ্যাস পেয়েছেন তিনি। ব্যস্ত অভিনয় জীবনের মাঝেও সুযোগ পেলেই তিরুপতি, তিরুমালা কিংবা উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। এমনকি অমৃতসরের স্বর্ণমন্দিরেও একাধিকবার গিয়েছেন এই অভিনেত্রী।

বিশেষ দিনগুলোতে তিরুমালায় যাওয়ার একটি আলাদা রীতি রয়েছে জাহ্নবীর। কখনও নতুন ছবির মুক্তির আগে, কখনও আবার মায়ের জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতেও সেখানে পুজো দেন তিনি। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেও কয়েকবার এই মন্দিরে দেখা গেছে তাকে। একবার তো মানত করে হাঁটু গেড়ে সিঁড়ি বেয়ে মন্দিরে উঠেছিলেন বলেও জানা যায়।

বলিউডে যখন অনেক তারকা জাঁকজমকপূর্ণ আয়োজনে জন্মদিন উদযাপন করেন, তখন জাহ্নবী সেই দিনটিকে বেছে নেন ভক্তি ও প্রার্থনার জন্য। এবারও সেই ধারাই বজায় রেখে জন্মদিনের শুরুতেই ঈশ্বরের শরণে গিয়ে প্রশংসা কুড়ালেন তিনি।

পিআর/টিকে

মন্তব্য করুন