বিয়েতে রাশমিকার গায়ে ছিল ৩ কেজি সোনার গয়না!
ছবি: সংগৃহীত
০৫:০১ পিএম | ০৬ মার্চ, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা পর্দার প্রেমকে এবার বাস্তব জীবনের সম্পর্কে রূপ দিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। বিয়ের পর থেকেই তাদের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে ছবি প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বর-কনের গায়ে থাকা বিপুল স্বর্ণালঙ্কার নিয়ে।
বিয়ের সাজে রাশমিকা মান্দানা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য। তার গলায় ছিল বিশেষ কাসু মালা, যার বিস্তার গলার লকেট থেকে কোমর পর্যন্ত। এই অলঙ্কারে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি এবং সূক্ষ্ম কারুকাজে ফুটিয়ে তোলা কল্কার নকশা। মাথায় টায়রা ও টিকলি, কানে ঝুমকা, হাতে বাহারি চুড়ির সঙ্গে বিশেষ হাতপদ্ম মিলিয়ে কনের সাজ হয়ে ওঠে নজরকাড়া। জানা গেছে, সব মিলিয়ে রাশমিকার গায়ে ছিল প্রায় তিন কেজি ওজনের স্বর্ণালঙ্কার।

গহনার জৌলুসে পিছিয়ে ছিলেন না বর বিজয় দেবরাকোন্ডাও। সিল্কের ধুতি ও লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন আধা কেজির বেশি ওজনের স্বর্ণালঙ্কার। বিশেষ করে তার কবজিতে থাকা একটি ব্রেসলেট নজর কেড়েছে সবার। জনপ্রিয় ঐতিহাসিক সিনেমার আদলে তৈরি সেই ব্রেসলেটটি নিয়েও চলছে আলোচনা। বর-কনের আংটি থেকে শুরু করে প্রায় প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও দেবমূর্তির সূক্ষ্ম নকশা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বিয়ের সব গহনা তৈরি করেছে হায়দরাবাদের একটি বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান। স্বর্ণের দাম যখন বাজারে আকাশচুম্বী, ঠিক সেই সময় তারকা দম্পতির এমন জাঁকজমকপূর্ণ সাজ সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের চোখ আটকে আছে তাদের ঐতিহ্যবাহী সাজ আর বিপুল স্বর্ণালঙ্কারের ঝলকে।
পিআর/টিকে