প্রথম প্রেমের গল্প ফেসবুকে শেয়ার করলেন মিনার, চ্যাটের স্ক্রিনশট ভাইরাল
ছবি: সংগৃহীত
০৫:২৫ পিএম | ০৬ মার্চ, ২০২৬
কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনার রহমানের একটি চ্যাটের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে, এই সংগীতশিল্পী একজন নারীকে একের পর এক খুদে বার্তা পাঠাচ্ছেন, কিন্তু কোনো উত্তর আসছে না। এ নিয়ে যখন কানাঘুষা চলছিল, ঠিক তখনই নিজের প্রথম প্রেমের গল্প ফেসবুকে শেয়ার করলেন মিনার।
এক দীর্ঘ পোস্টে মিনার জানান, জীবনের এই ছোট কিন্তু সত্য গল্পটি তিনি কখনো প্রকাশ করবেন- এমনটা ভাবেননি।
“কিন্তু বহু বছর পর পবিত্র রমজান মাসের এক নির্জন মধ্যরাতে হঠাৎ মনে হলো, গল্পটি সবার সঙ্গে ভাগ করা উচিত,” লিখেছেন তিনি।
শিক্ষাজীবনের শেষ দিকে ২০ বছর বয়সে প্রথমবার প্রেমে পড়েন মিনার। শুরুতে সম্পর্কটি খুবই সুন্দর ছিল। তবে ধীরে ধীরে রহস্যময় ‘বড় মামা’ নামে একটি কলের কারণে সন্দেহ জাগে।
যতবার তারা শহরের বিভিন্ন জায়গায় দেখা করতেন, মেয়েটির ফোনে প্রায়ই সেই কল আসত। প্রথমে মিনার বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারেন, নম্বরটি ছিল প্রেমিকার সাবেক প্রেমিকের।

মিনার লিখেছেন, ওই ঘটনার পর থেকে ‘বিশ্বাস’ তাঁর কাছে অনেকটা মিথের মতো হয়ে গিয়েছিল। জীবনে তখন পরিচয় হয় নতুন একটি শব্দের- ‘চিট’ বা প্রতারণা।
তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি সেই মানুষটিকে ক্ষমা করেছেন, যদিও ঘটনার স্মৃতি ভুলে যাননি।
“সে যেখানে থাকুক, ভালো থাকুক- এই কামনাই করি,” যোগ করেন তিনি।
মিনার আরো দোয়া করেছেন, “যেন অন্য কেউ জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি না হয়।”
এসকে/টিকে