ববি দেওল ও তানিয়ার অঢেল সম্পত্তিতে নতুন সংযোজন!
ছবি: সংগৃহীত
০৬:৩৪ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বলিউড অভিনেতা ববি দেওল সম্প্রতি একের পর এক সফল ছবির মাধ্যমে আবারও আলোচনায় ফিরেছেন। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার অভিনয় নয়, বরং স্ত্রী তান্যা দেওলের বিপুল সম্পত্তি। পারিবারিক উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পদের মালিক তান্যার সম্পত্তির তালিকায় এবার যুক্ত হয়েছে আরও একটি বড় সংযোজন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, স্বামী-স্ত্রী মিলে মুম্বাইয়ের একটি বিলাসবহুল এলাকায় পাঁচটি অফিস ইউনিট কিনেছেন ববি ও তান্যা। নতুন এই সম্পত্তির মূল্য প্রায় ১৫ কোটি ৫ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩৪০০ বর্গফুট জায়গাজুড়ে রয়েছে এই অফিস ইউনিটগুলো।
তান্যা দেওল পেশায় একজন অন্দরসজ্জাশিল্পী। পারিবারিক সূত্রে পাওয়া সম্পত্তিসহ বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা বলে জানা যায়। নতুন এই অফিস ইউনিট কেনার ফলে সেই দীর্ঘ তালিকা আরও সমৃদ্ধ হলো। সম্পত্তি কেনার সময় স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ৯০ লাখ টাকা এবং নিবন্ধন বাবদ প্রায় দেড় লাখ টাকা ব্যয় করেছেন তারা। পাশাপাশি অফিসের সঙ্গে পাঁচটি গাড়ি রাখার জায়গাও কিনেছেন এই দম্পতি।

একই বহুতলের তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে অভিনেতা হৃতিক রোশন ও তার বাবা-মায়ের অফিস ইউনিট। সেখানে রোশন পরিবারের মোট দশটি অফিস রয়েছে। অন্যদিকে ববি ও তান্যার নতুন অফিসগুলো অবস্থিত দ্বিতীয় তলায়।
জানা গেছে, বর্তমানে ববি দেওলের নিজের সম্পদের পরিমাণ প্রায় ৬৭ থেকে ৭০ কোটি টাকার মধ্যে। প্রতি ছবির জন্য তিনি চার থেকে আট কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নিয়েও উল্লেখযোগ্য আয় করেন এই অভিনেতা।
তাদের সম্পত্তির তালিকায় রয়েছে মুম্বাইয়ে একটি বিলাসবহুল বাংলো, যার মূল্য প্রায় ছয় কোটি টাকা। এছাড়া জুহু এলাকায় উত্তরাধিকার সূত্রে পাওয়া আরেকটি বাংলোর মূল্য প্রায় ৬৫ কোটি টাকার কাছাকাছি। নতুন অফিস ইউনিট কেনার মধ্য দিয়ে ববি ও তান্যার সম্পদের তালিকা এখন আরও দীর্ঘ হলো।
পিআর/টিকে