অন্তঃসত্ত্বা ও অভিনয়ে ফেরা, শ্বেতাকে ঘিরে জল্পনা
ছবি: সংগৃহীত
০৬:৪৮ পিএম | ০৬ মার্চ, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা গুঞ্জন। সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিওকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই আলোচনা। কেউ বলছেন তিনি নতুন ধারাবাহিকে ফিরছেন, আবার কেউ দাবি করছেন অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। তবে সব জল্পনার মাঝেই সামনে এসেছে ভিন্ন চিত্র।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, খোলা চুলে দোলনা চেয়ারে বসে আছেন শ্বেতা। তার চোখ-মুখে অদ্ভুত এক অভিব্যক্তি, যেন রহস্যময় কোনো শক্তির প্রভাব রয়েছে তার ওপর। পেছনে বাজছে জনপ্রিয় একটি গানের সুর। ভিডিওটি দেখে অনেকেই মনে করেছেন এটি নতুন কোনো ধারাবাহিকের প্রচারঝলক। এমনকি সেখানে শ্বেতাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে ‘মায়া’ নামের একটি ধারাবাহিক আসছে বলেও প্রচার শুরু হয়।

ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেকেই ধরে নেন, কয়েক মাস বিরতির পর আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন শ্বেতা ভট্টাচার্য। উল্লেখ্য, তাকে শেষ দেখা গিয়েছিল গত ডিসেম্বর মাসে একটি ধারাবাহিকে। এরপর দীর্ঘ সময় তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন।
তবে অভিনেত্রী নিজেই এই গুঞ্জনের ব্যাখ্যা দিয়েছেন। বর্তমানে স্বামী রুবেল দাসকে নিয়ে হিমাচল প্রদেশে সময় কাটাচ্ছেন তিনি। বিয়ের প্রায় দেড় বছর পর তারা সেখানে মধুচন্দ্রিমায় গেছেন। সেখান থেকেই শ্বেতা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটির সঙ্গে নতুন কোনো ধারাবাহিকের সম্পর্ক নেই। তার ভাষ্য, পুরোনো একটি রহস্য-রোমাঞ্চধর্মী ধারাবাহিকের কিছু অংশ কেটে নতুনভাবে জুড়ে দিয়ে কেউ একজন এই ভিডিও তৈরি করেছে। ফলে সেটিকে নতুন ধারাবাহিকের প্রচার বলে ভুল বোঝা হচ্ছে।
শ্বেতা আরও স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এমন কোনো প্রচারঝলকের শুটিং করেননি এবং কোনো নতুন ধারাবাহিক নিয়েও এখনো কথা হয়নি। ফলে আপাতত তার অভিনয়ে ফেরার খবর সত্য নয় বলেই জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে, তাকে ঘিরে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও এই বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শ্বেতা বা তার স্বামী। তবে নতুন ধারাবাহিকে ফেরা কিংবা ব্যক্তিগত জীবনের নানা জল্পনা সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই অভিনেত্রী।
পিআর/টিকে