২০১৬-এর পরে ২০২৬, এক দশকের ব্যবধানে ফের অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ০৬ মার্চ, ২০২৬
হলিউডে নিজের অবস্থান অনেক আগেই শক্ত করে নিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের পর এবার তার ঝুলিতে যুক্ত হলো আরও একটি বড় অর্জন। প্রায় এক দশক পর আবারও অস্কারের মঞ্চে দেখা যাবে তাকে।
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এই আসরে উপস্থাপকের ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি আয়োজকদের প্রকাশ করা উপস্থাপকদের তালিকায় তার নাম ঘোষণা করা হয়েছে। একই তালিকায় রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র এবং অ্যান হ্যাথাওয়ের মতো তারকারাও।
এর আগে ২০১৬ সালে প্রথমবার অস্কারের মঞ্চে উপস্থাপকের দায়িত্ব পালন করেছিলেন প্রিয়াঙ্কা। প্রায় দশ বছর পর আবারও সেই মঞ্চে ফিরছেন তিনি। একজন অভিনেত্রীর জন্য এমন সুযোগ নিঃসন্দেহে বিশেষ সম্মানের।
বলিউড থেকে হলিউড এই দীর্ঘ যাত্রায় প্রিয়াঙ্কা নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছেন। শুধু অভিনয়ই নয়, বিশ্বের বড় বড় পুরস্কার অনুষ্ঠানের মঞ্চেও তাকে দেখা গেছে উপস্থাপকের ভূমিকায়। গোল্ডেন গ্লোব এবং প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনেও এর আগে সঞ্চালনা করেছেন তিনি।

ভারতীয় তারকাদের মধ্যে অস্কারের মঞ্চে উপস্থাপনা করার নজির খুব বেশি নেই। ২০২৩ সালে এই মঞ্চে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। তার আগে ২০১৬ সালে সেই সম্মান অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এক দশক পর আবারও সেই ঐতিহাসিক মঞ্চে ফিরছেন তিনি।
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের এই বড় অনুষ্ঠানে প্রিয়াঙ্কার উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। দীর্ঘদিন ধরে হলিউডে কাজ করা এই অভিনেত্রী আবারও প্রমাণ করলেন, বিশ্বমঞ্চে ভারতীয় শিল্পীদের জায়গা করে নেওয়ার পথ আরও প্রশস্ত করছেন তিনি।
পিআর/টিকে