© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন কুমার বিশ্বজিৎ?

শেয়ার করুন:
বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন কুমার বিশ্বজিৎ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৫ পিএম | ০৬ মার্চ, ২০২৬
দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার বিচরণ কয়েক দশকের। বিশেষ করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। এবার সেই কাজের অনন্য স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ (স্বাধীনতা পদক) পেতে যাচ্ছেন গুণী সঞ্চালক, নির্মাতা ও লেখক এ. কে. এম. হানিফ।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য হানিফ সংকেতের নাম ঘোষণা করা হয়।

রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। এক আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে হানিফ সংকেত লেখেন, ‘সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার।’



এদিকে, প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ ভাগ করে নিয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ। হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে তিনি ফেসবুকে লেখেন, ‘বন্ধু, তোর 'স্বাধীনতা পদক' প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইলো অনেক ভালোবাসা আর শুভকামনা।’

হানিফ সংকেত দীর্ঘ সময় ধরে তার সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ড ও সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরাও সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন