© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনের পরেই ছেলে ইব্রাহিমকে নিয়ে কী মন্তব্য করলেন সাইফ?

শেয়ার করুন:
জন্মদিনের পরেই ছেলে ইব্রাহিমকে নিয়ে কী মন্তব্য করলেন সাইফ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বলিউডে তারকাসন্তানদের পথচলা নিয়ে বিতর্ক নতুন নয়। তবে নিজের ছেলে ইব্রাহিম আলি খানকে নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এলেন অভিনেতা সাইফ আলি খান।

ছেলের জন্মদিনের ঠিক পরেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিনয়জীবনে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই ইব্রাহিমকেই নিজে লড়তে হবে।

সম্প্রতি ২৫ বছরে পা দিয়েছেন ইব্রাহিম। সেই সময়েই এক সাক্ষাৎকারে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন সাইফ। তাঁর মতে, একটি সময়ের পরে সন্তানের জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক নয়। বরং নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়। আর সে কারণেই ছেলের অভিনয়জীবনে তিনি ঢাল হয়ে দাঁড়াতে চান না বলে জানান এই অভিনেতা।



সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংহের ঘরে দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। পরে করিনা কাপুর খানের সঙ্গে সংসার শুরু করেন তিনি। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান তৈমুর ও জেহ। বড় দুই সন্তানকে ঘিরেই বর্তমানে বলিউডে নানা আলোচনা চলছে।

এরই মধ্যে সারার অভিনয়জীবনের ব্যর্থতা নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন অরি নামের এক পরিচিত মুখ। অন্যদিকে ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়া’ও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। যদিও ইতিমধ্যে দ্বিতীয় ছবির প্রস্তুতি শুরু করেছেন তিনি।

এই প্রসঙ্গেই সাইফ বলেন, তারকাসন্তানরা পারিবারিক পরিচয়ের কারণে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। কিন্তু যেসব তরুণ-তরুণী সেই সুযোগ ছাড়াই নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পায়, তাদের অর্জনের মূল্য আলাদা। তাই বাবা হিসেবে ছেলের হাত ধরে সব পথ দেখিয়ে দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না।

সাইফের কথায়, ইব্রাহিম এমনিতেই অনেক সুবিধা পেয়েছে। এখন নিজের অবস্থান নিজেকেই তৈরি করতে হবে। তাই ছেলের পাশে দাঁড়িয়ে সব সমস্যার সমাধান করে দেওয়ার ইচ্ছা তাঁর নেই।

অভিনেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ সাইফের বক্তব্যকে বাস্তবসম্মত বলে মনে করছেন, আবার কেউ বলছেন, তারকাসন্তানদের জন্য বলিউডের পথ এমনিতেই অনেক সহজ।

পিআর/টিকে

মন্তব্য করুন