মেয়ের জন্য কেমন পাত্র চান সৌরভ?
ছবি: সংগৃহীত
০১:৫৪ এএম | ০৭ মার্চ, ২০২৬
বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার, মা স্বনামধন্য নৃত্যশিল্পী। তবে এ তারকা দম্পতির মেয়ে সানা গাঙ্গুলি নিজেকে প্রচারের আলো থেকে দূর রাখতেই ভালোবাসেন। সম্প্রতি এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে পোজ দিলেন সৌরভকন্যা।
বিয়ের মৌসুমে খুশির আমেজ সৌরভ গাঙ্গুলির পরিবারে। সম্প্রতি এক পারিবারিক বিয়ের আসরে একফ্রেমে পাওয়া গেল সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলিকে। নবদম্পতি শ্রীলদিত্য বন্দ্যোপাধ্যায় ও বর্ষার শুভ পরিণয়ে হাজির হয়েছিলেন এ তারকা দম্পতি। বিয়ের আসরে বরের পাশে সৌরভের উপস্থিতি যেন পুরো অনুষ্ঠানটির জৌলুস বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। হাজির ছিলেন সৌরভকন্যা সানাও। তুতো দাদার বিয়ে বলে কথা!

বিয়ের অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে দেখা গেল নেভি ব্লু ব্লেজার ও কালো শার্টে, তার সেই চিরকালীন মার্জিত লুকে। অন্যদিকে ডোনা গাঙ্গুলি বেছে নিয়েছিলেন একটি চেক নকশার সাদা-কালো শাড়ি। কনে বর্ষা সেজেছিলেন টকটকে লাল বেনারসিতে, আর বরের পরনে ছিল ঘিয়ে রঙের জমকালো শেরওয়ানি। সৌরভকন্যা সানা বেছে নিলেন লাল রঙা সালোয়ার-কামিজ। পরিবারের এই মিলনমেলায় সানার হাসিমুখ বলে দিচ্ছিল বিয়েতে ফার্স্ট কাজিনের বিয়েতে তিনি কতটা আনন্দিত। সানা হাজির থাকলেও গাঙ্গুলি পরিবারের অপর কন্য়া কর্মসূত্রে মার্কিন মুলুকে আটকে। ভিডিওকলেই পারিবারিক বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকলেন স্নেহাশিস কন্য়া স্নেহা।
লন্ডনে চাকরিরত সানা। মেয়ে বড় হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে- মেয়ের জন্য কেমন পাত্র পছন্দ মহারাজের? এর আগে এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি মজা করে বলেছিলেন,- এখন কী ভাবব, সানা অনেক ছোট। সানার বিয়ে নিয়ে কোনো ভাবনা নেই সৌরভের। হবু জামাইয়ের মধ্যেও বিশেষ কোনো গুণ চান না সৌরভ, তবে ভালো মনের মানুষ হতে হবে বলে জানান বাংলার মহারাজ।
আরআই/এসএন