অনন্যাকে নিয়ে সুকান্তের আবেগঘন পোস্ট!
ছবি: সংগৃহীত
০৯:৫২ এএম | ০৭ মার্চ, ২০২৬
বিয়ের আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই উৎসবের আমেজে ভরে উঠেছে মালদার পৈতৃক বাড়ি। ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা এইচ এস এবং সমাজমাধ্যমের পরিচিত সুকান্ত শুদ্ধ-র বিয়ে ঘিরে এখন ব্যস্ততা তুঙ্গে দুই পরিবারে। আগামী ৮ মার্চ আইনি বিয়ের পর ৯ মার্চ ধুমধাম করে হবে সামাজিক বিয়ে। আর সেই উপলক্ষেই ইতিমধ্যে সাজতে শুরু করেছে তাঁদের বাড়ি।
মালদায় সুকান্তর পৈতৃক বাড়ি জুড়ে এখন সাজসজ্জার ব্যস্ততা। বাড়ির সিঁড়ি থেকে উঠোন, বারান্দা থেকে ঘরের দরজা সব জায়গায় ফুটে উঠেছে সাবেকি বাঙালি ঐতিহ্যের ছাপ। আলোর মালা, আলপনা আর রঙিন সাজে যেন নতুন রূপ পেয়েছে গোটা বাড়ি। বসন্তের এই সময়ে বিয়ের আয়োজন ঘিরে পরিবারের সদস্যদের পাশাপাশি উচ্ছ্বসিত অনুরাগীরাও।

বিয়ের প্রস্তুতির নানা মুহূর্ত নিজেদের ব্লগ ও সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন অনন্যা ও সুকান্ত। পরিবারের সদস্যরা মিলে বাড়ি জুড়ে আলপনা এঁকেছেন। উঠোন থেকে ঘরের মেঝে সব জায়গায় ঐতিহ্যবাহী নকশায় সাজানো হচ্ছে বিয়ের মণ্ডপ ও আশপাশের পরিবেশ। সেই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে, আসন্ন অনুষ্ঠান ঘিরে পরিবারের প্রত্যেকেই কতটা আবেগে ভাসছেন।
এরই মধ্যে অনন্যাকে উদ্দেশ করে এক আবেগঘন বার্তা লিখেছেন সুকান্ত। তিনি জানান, জন্মদিনেও হয়তো এই বাড়ি এতটা সাজেনি, যতটা আজ সাজানো হয়েছে অনন্যাকে বরণ করে নেওয়ার জন্য। ভালোবাসা আর অপেক্ষা নিয়েই নতুন জীবনে তাকে স্বাগত জানানোর কথা লিখেছেন তিনি। সেই বার্তা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, অনুরাগীরাও শুভেচ্ছা জানাচ্ছেন এই জুটিকে।
ছোট পর্দায় অভিনয়ের জন্য পরিচিত অনন্যা এবং সমাজমাধ্যমের জনপ্রিয় নির্মাতা সুকান্ত দুজনের সম্পর্কের গল্প দীর্ঘদিন ধরেই অনুরাগীদের আগ্রহের কেন্দ্র। তাঁদের প্রেমের গল্প বহু মানুষের কাছে অনুপ্রেরণাও হয়ে উঠেছে। তাই তাঁদের বিয়ের আয়োজন নিয়েও কৌতূহলের শেষ নেই।
এর আগে একাধিক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে পুরোপুরি সাবেকি বাঙালি রীতিতে। লাল বেনারসি, টোপর, শঙ্খধ্বনি আর ঐতিহ্যবাহী আচার সব মিলিয়ে হবে পূর্ণাঙ্গ বাঙালি বিয়ে। পরিবার, বন্ধু ও কাছের মানুষদের উপস্থিতিতে নতুন জীবনের এই অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন দুজনেই।
এখন অপেক্ষা শুধু ৯ মার্চের। সামাজিক বিয়ের দিন সাত পাকে বাঁধা পড়বেন অনন্যা ও সুকান্ত। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের অনুরাগীরাও।
পিআর/টিএ