© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিচালক প্রভাত রায়ের জন্মদিনে স্মৃতিচারণায় অভিনেতা চিরঞ্জিৎ

শেয়ার করুন:
পরিচালক প্রভাত রায়ের জন্মদিনে স্মৃতিচারণায় অভিনেতা চিরঞ্জিৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ এএম | ০৭ মার্চ, ২০২৬
টালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই পথচলায় যাঁর অবদান তিনি বারবার স্বীকার করেন, তিনি হলেন পরিচালক প্রভাত রায়। পরিচালকের জন্মদিন ঘিরে স্মৃতির ঝাঁপি খুলে পুরনো দিনের নানা গল্প শোনালেন চিরঞ্জিৎ। সেই সঙ্গে জানালেন এক বিস্ময়কর দিকের কথাও।

চিরঞ্জিতের স্মৃতিতে ফিরে আসে উনিশশো সাতাশি সালের সময়টা। তখন তিনি ‘নাগপাশ’ নাটকে অভিনয় করছেন, পাশাপাশি কয়েকটি ছবিতেও কাজ শুরু করেছেন। ঠিক সেই সময় একদিন প্রভাত রায় তাকে ডেকে পাঠান। নতুন একটি ছবিতে নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। হঠাৎ এমন ডাক পেয়ে কিছুটা অবাকই হয়েছিলেন চিরঞ্জিৎ। পরে জানতে পারেন, প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায় তার অভিনীত নাটক দেখে তাকে পছন্দ করেছিলেন। নতুন মুখ খুঁজছিলেন তাঁরা, আর সেই সূত্রেই শুরু হয় নতুন পথচলা।

প্রভাত রায়ের পরিচালনায় তৈরি হয় ‘প্রতিকার’ ছবি। সেই ছবিতে চিরঞ্জিতের সঙ্গে অভিনয় করেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবিটি সফল হওয়ার পর থেকেই শুরু হয় প্রভাত রায় ও চিরঞ্জিতের সফল জুটি। পরে ‘প্রতীক’ ছবিতে সেই জুটি আরও জনপ্রিয়তা পায়। চিরঞ্জিতের ভাষায়, ওই ছবির চরিত্রই তার অভিনয় জীবনের অন্যতম স্বাক্ষর হয়ে রয়েছে। একই ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।



এরপরের পথচলায় প্রভাত রায়ের সঙ্গে কাজ করেছেন টালিউডের আরও অনেক জনপ্রিয় অভিনেতা। তাঁদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একের পর এক ছবিতে নতুন নায়ক তৈরি করেছেন প্রভাত রায়। চিরঞ্জিতের মতে, তাঁদের জুটি তখনকার সময়ের দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিল।

কাজের বাইরে ব্যক্তিগত সম্পর্কও ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। প্রভাত রায় যখন গোলপার্ক এলাকায় বসবাস শুরু করেন, তখন প্রায়ই আড্ডা জমত তাঁদের মধ্যে। গল্প, হাসি আর খাওয়া-দাওয়া নিয়ে জমে উঠত সেই সময়গুলো। চিরঞ্জিতের কথায়, প্রভাত রায় ভীষণ রসিক মানুষ ছিলেন। খাবারের প্রতিও ছিল তার আলাদা ভালবাসা। বিশেষ করে মাংসের আলু ছিল তার অত্যন্ত প্রিয়।

তবে এই দীর্ঘ পথচলায় একটি বিষয় এখনও চিরঞ্জিতকে বিস্মিত করে। প্রভাত রায়ের ছবিতে কাজ করে বহু নায়িকা তারকা হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেকে। কিন্তু এত নায়িকার সঙ্গে কাজ করেও কোনওদিন কারও সঙ্গে প্রভাত রায়ের নাম জড়িয়ে কোনও গুঞ্জন শোনা যায়নি। চিরঞ্জিতের মতে, এটাই যেন এক বিরল রহস্য।

ব্যক্তিগত জীবনেও সহজ সময় কাটেনি এই পরিচালকের। স্ত্রী জয়শ্রীর মৃত্যুর পর অসুস্থতা ও একাকিত্ব তাকে ঘিরে ধরেছিল। সেই সময় পাশে দাঁড়ান তার দত্তক কন্যা একতা ভট্টাচার্য। চিরঞ্জিত জানান, নতুন করে জীবন ও কাজে ফেরার পেছনে একতার বড় ভূমিকা রয়েছে। তার উৎসাহেই আবার ক্যামেরার পেছনে ফিরেছেন প্রভাত রায়।

সম্প্রতি ‘বলাই’ ছবির মাধ্যমে পরিচালনায় নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। প্রিয় পরিচালকের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে চিরঞ্জিত বলেন, ভবিষ্যতে আবার যদি কোনও ছবিতে তাকে ডাকা হয়, তবে সেই সুযোগ পেলে তিনি আনন্দিত হবেন।

পিআর/টিএ

মন্তব্য করুন