একা থাকা আমার স্বভাবের সঙ্গে যায় না: শ্রাবন্তী চট্টোপাধ্যায়
ছবি: সংগৃহীত
১০:২৮ এএম | ০৭ মার্চ, ২০২৬
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় জীবন যেমন আলোচনায় থাকে, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন ধরেই চর্চা কম নয়। সম্পর্ক, সংসার ভাঙন কিংবা সমালোচনা সবকিছুর মধ্য দিয়েই এগিয়ে চলেছেন তিনি। তবু জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলায়নি বলেই জানালেন অভিনেত্রী।
সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রাবন্তী। সেখানে তিনি জানান, একা থাকা তার স্বভাবের সঙ্গে যায় না। মানুষের সঙ্গ, সম্পর্ক আর ভালোবাসাই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন বিশ্বাসই এখনও ধরে রেখেছেন তিনি।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ের অভিজ্ঞতা রয়েছে। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন পরিচালক রাজীব কুমার বিশ্বাস-কে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দাম্পত্যেই জন্ম নেয় তার ছেলে, যাকে পরিবার ও ভক্তরা ঝিনুক নামেই চেনে।
পরবর্তীতে দ্বিতীয়বার বিয়ে করেন মডেল কৃষাণ ভিরাজ-কে। তবে সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। অল্প সময়ের মধ্যেই আলাদা হয়ে যান দুজন। এরপর ২০১৯ সালে পাঞ্জাবি রীতিতে তৃতীয়বার বিয়ে করেন রোশন সিং-কে। বর্তমানে আইনি প্রক্রিয়ায় সেই সম্পর্ক থেকেও আলাদা থাকছেন অভিনেত্রী।

তবে ব্যক্তিগত জীবনের এই উত্থান-পতন কখনও তার অভিনয়জীবনের পথ থামাতে পারেনি। খুব অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। তার প্রথম ছবি ছিল মায়ার বাঁধন। সেই শুরু থেকেই ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে।
সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন শ্রাবন্তী। সমালোচনা, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের কটূ মন্তব্য সবকিছুর মাঝেও নিজের মতো করে জীবনকে উপভোগ করতে শিখেছেন তিনি।
অভিনেত্রীর কথায়, মন খারাপ হলে তিনি নিজেকে সময় দেন, কাছের মানুষদের সঙ্গে সময় কাটান। মানুষের সঙ্গে মেলামেশা আর সম্পর্কের উষ্ণতাতেই তিনি সুখ খুঁজে পান। তাই জীবনের কঠিন অভিজ্ঞতার পরও মানুষের প্রতি বিশ্বাস হারাননি তিনি।
পিআর/টিএ