কীভাবে ৪০০ কোটি সম্পত্তির মালিক হল অভিনেতা অনুপম খের?
ছবি: সংগৃহীত
১০:৫৬ এএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে সক্রিয় তিনি। অসংখ্য ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছেন। তবে আজকের এই সাফল্যের পেছনে রয়েছে সংগ্রাম আর কঠিন সময়ের দীর্ঘ গল্প।
একসময় এমন দিনও গেছে, যখন তার ব্যাংক হিসাবে ছিল মাত্র চারশ টাকা। বাইরে থেকে তিনি সফল অভিনেতা হিসেবে পরিচিত হলেও ভিতরে ভিতরে তখন আর্থিক সংকটে জর্জরিত ছিলেন। একুশ শতকের শুরুতে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায় প্রযোজনার কাজ শুরু করেছিলেন অনুপম খের। নতুন ভূমিকায় তার উপস্থিতি তখন বেশ আলোচিত হয়েছিল।
কিন্তু সেই ব্যবসা বেশিদিন টেকেনি। কয়েক বছরের মধ্যেই বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। দুই হাজার চার সালের দিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ব্যাংকে প্রায় কোনো টাকাই অবশিষ্ট ছিল না। সেই সময় বিভিন্ন জায়গা থেকে ঋণও নিতে হয়েছিল অভিনেতাকে। ঋণের চাপ বাড়তে বাড়তে এমন অবস্থায় দাঁড়ায় যে নিজের বাড়ি ও অফিস বন্ধক রাখতে বাধ্য হন তিনি।
অনুপম খের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার পরিবারে তিনিই প্রথম একসঙ্গে দশ হাজার টাকা দেখেছিলেন। কিন্তু পরে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ব্যাংকে পড়ে ছিল মাত্র চারশ টাকা। সুদের বোঝা বাড়তেই থাকে, আর সেই সঙ্গে বাড়তে থাকে দুশ্চিন্তাও।
তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে আবার কাজে মন দেন। একের পর এক ছবিতে অভিনয় করে নিজের জায়গা আরও শক্ত করেন। বছরের পর বছর কঠোর পরিশ্রম আর অভিনয় দক্ষতার জোরেই আবার ঘুরে দাঁড়ান এই অভিনেতা।

বর্তমানে বলিউডে অভিজ্ঞ অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। শোনা যায়, এখন একটি ছবির জন্য তিন থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন অনুপম খের। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচশরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রয়েছে তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রও।
এখন প্রায় একাত্তর বছর বয়সেও সমানভাবে সক্রিয় তিনি। বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ চারশ কোটিরও বেশি। বছরে আয় করেন প্রায় ত্রিশ কোটি টাকা। একসময় ব্যাংকে মাত্র চারশ টাকা থাকা মানুষটির এই উত্থান তাই অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
পিআর/টিএ