‘মনস্টার্স ইনকর্পোরেটেড ৩’ নিয়ে আসছে পিক্সার স্টুডিও
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ০৭ মার্চ, ২০২৬
এনিমেশন দুনিয়ার জনপ্রিয় নাম পিক্সার স্টুডিও তাদের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘মনস্টার্স ইনকর্পোরেটেড’-এর তৃতীয় কিস্তি তৈরির ঘোষণা দিয়েছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত পিক্সারের এক প্রোফাইলে এই নতুন প্রকল্পের কথা জানানো হয়। স্টুডিওটি বর্তমানে তাদের নতুন সিনেমা ‘হপার্স’ মুক্তির প্রস্তুতি নিলেও, দর্শকদের বড় চমক হিসেবে সুলি ও মাইকের ফেরার খবরটি সামনে এসেছে।
২০০১ সালে মুক্তি পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘মনস্টার্স, ইনকর্পোরেটেড’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বক্স অফিসে প্রায় ৫২৮.৭ মিলিয়ন ডলার আয় করে।
এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রিক্যুয়েল ‘মনস্টার্স ইউনিভার্সিটি’ আগের সব রেকর্ড ভেঙে ৭৪৩.৫ মিলিয়ন ডলার আয় করেছিল। বড় পর্দার এই সাফল্যের রেশ ধরে ‘মনস্টার্স অ্যাট ওয়ার্ক’ নামে একটি জনপ্রিয় সিরিজও তৈরি হয়েছিল।
নতুন এই সিনেমাটি কে পরিচালনা করবেন বা এর গল্প কী হতে যাচ্ছে, তা এখনই খোলসা করেনি পিক্সার। গল্পের সময়কাল এবং মূল চরিত্রদের ভূমিকা নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
তবে সুলি ও মাইক ওয়াজাউস্কির নতুন অভিযান দেখার জন্য ভক্তদের মধ্যে ইতিমধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে।

শুধু মনস্টার্স নয়, পিক্সার আরো বেশ কিছু বড় সিক্যুয়েল নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ‘টয় স্টোরি ৫’, ‘দ্য ইনক্রেডিবলস ৩’, ‘কোকো ২’
সিক্যুয়েলের পাশাপাশি পিক্সার কিছু মৌলিক গল্পেও মনোযোগ দিচ্ছে। আগামী বছর ভেনিসের এক বিড়াল চোরকে নিয়ে আসছে গ্যাটো।
এ ছাড়া এশীয় মিথোলজি বা পৌরাণিক কাহিনি নির্ভর ‘ওনো ঘোস্ট মার্কেট’ ও ‘টার্নিং রেড’ খ্যাত পরিচালক ডোমি শির একটি মিউজিক্যাল সিনেমা নিয়েও কাজ চলছে।
এদিকে পিক্সারের নতুন সিনেমা ‘হপার্স’ শুরুতেই বেশ ভালো সাড়া ফেলেছে। প্রথমিক প্রিভিউতে এটি ৩.২ মিলিয়ন ডলার আয় করেছে এবং প্রথম সপ্তাহান্তেই এর আয় ৪০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : ভ্যারাইটি
পিআর/টিএ