শাকিবের প্রিন্সে মির্জাপুরের দিব্যেন্দু, লুক নিয়ে তোলপাড়
ছবি: সংগৃহীত
০২:৪৮ পিএম | ০৭ মার্চ, ২০২৬
মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর প্রচারণায় নতুন চমক নিয়ে হাজির হলেন নির্মাতারা। ঈদকে সামনে রেখে গত শুক্রবার ছবিটির তৃতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন এই পোস্টারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের লুক প্রকাশেরর পর থেকেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে নানা উত্তেজনা।
নতুন এই পোস্টারে দেখা যায়, দিব্যেন্দুকে একজন ‘আফগান পাঠান’ হিসেবে দেখা গেছে। সিনেমাটিতে তিনি শাকিব খানের বিপরীতে প্রধান খলচরিত্রে অভিনয় করছেন বলে ধারণা করা হচ্ছে।
পোস্টারটিতে দেখা যায়, দিব্যেন্দুর চেহারার অর্ধেকটা জুড়ে জমাট বাঁধা রক্ত এবং তার তীক্ষ্ণ দৃষ্টি এক ধরণের ভীতিকর আবহ তৈরি করেছে। পোস্টারের উপরে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘আর মাত্র ১৩ দিন বাকি’।

পরিচালক আবু হায়াত মাহমুদ পোস্টারটি শেয়ার করে একে একটি ‘রহস্যময় উপস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন, সঙ্গে উল্লেখ করেছেন, ‘প্রিন্স’ সিনেমার খেলার নিয়ম বদলে দেবে। জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’, ‘মির্জাপুর’, ‘জামতারা’, ‘দ্য রেলওয়ে মেন’ এবং সিনেমা ‘মিশন রানীগঞ্জ’-এ অভিনয় করে দিব্যেন্দু ইতিপূর্বেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এবার শাকিব খানের সিনেমায় তাকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখা যাবে।
সিনেমায় দিব্যেন্দুকে নেওয়ায় দর্শকদের মধ্যেও উত্তেজনা লক্ষ্য করা গেছে। নেটিজেনদের অনেকেই তার অভিনয় দক্ষতার প্রশংসা করে মন্তব্য করেছেন। শাকিব খানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দিব্যেন্দুর মতো অভিনেতাকে বেছে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত বলেই মন্তব্য তাদের।
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে তৈরি এই গল্পের প্রেক্ষাপটে দুই দেশের তারকারা সিনেমা হলে টানটান উত্তেজনা তৈরি করবে বলেও সাধারণ দর্শকরা মনে করছেন।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। কারিগরি দিক থেকে বড় চমক হিসেবে যুক্ত আছেন বলিউডের ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থী। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পিআর/টিএ