নিজের জীবনটা বিপদমুখী করবেন না প্লিজ : খায়রুল বাসার
ছবি: সংগৃহীত
০৯:৪১ পিএম | ০৭ মার্চ, ২০২৬
দেশীয় ছোট পর্দায় যে মুখটি অল্প সময়েই হয়ে উঠেছে দর্শকের প্রিয়, তিনি হলেন অভিনেতা খায়রুল বাসার। অভিনয় দক্ষতা আর ভিন্নধর্মী চরিত্র নির্বাচনের মাধ্যমে ইতোমধ্যেই নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন এই তারকা। তবে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার বাইরেও তিনি সমান সরব। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সময় পেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে নিজের স্পষ্ট মতামত তুলে ধরেন তিনি যা প্রায়ই আলোচনার জন্ম দেয় ভক্তদের মাঝে।
এবার তিনি কথা বলেছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে ফুটে থাকা নয়নাভিরাম ফুলের সৌন্দর্য এবং তা দেখতে যাওয়া দর্শনার্থীদের ঝুঁকি নিয়ে। গাজীপুরের ভাওয়াল গড় হিসেবে পরিচিত শাল-গজারি বনের বুক চিরে চলে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
বর্তমানে এই সড়কের বিভাজকে ফুটে থাকা হরেক রকম ফুল পথচারী ও চালকদের নজর কাড়ছে। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মহাসড়কের ব্যস্ততম অংশে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা, যা তৈরি করছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন খায়রুল বাসার। ভক্ত ও সাধারণ মানুষের সচেতনতা কামনায় তিনি লিখেন, ‘এই সৌন্দর্য দেখতে গিয়ে ভিড় জমিয়ে, মহাব্যস্ত রাস্তাটাকে বিপদজনক এবং নিজের জীবনটা বিপদমুখী করবেন না প্লিজ।’
শুধুমাত্র সতর্ক করেই ক্ষান্ত হননি এই অভিনেতা, দিয়েছেন একটি চমৎকার বিকল্প পরামর্শও। তিনি মনে করেন, যান্ত্রিক মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে ফুল দেখার চেয়ে নিজের আঙিনাকে সাজানোই শ্রেয়।
খায়রুল বাসার তার পোস্টে আরও বলেন, ‘বাইকের তেল খরচ বাঁচিয়ে বা যাতায়াত খরচ বাঁচিয়ে, সেই খরচে নিজ নিজ উদ্যোগে অন্তত দুইটা ফুল গাছ নিজের বাড়ির উঠানে বা পথ ঘাটে রোপন করুন। তাতে করে শুধু একটা পথ না, পুরো দেশই ফুলেল হয়ে উঠতে পারে।’
এমকে/টিকে