দুই দশক পরেও দর্শক টানছে সালমানের ‘তেরে নাম’,
ছবি: সংগৃহীত
০৬:৩৩ এএম | ০৮ মার্চ, ২০২৬
দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দর্শকের আবেগে এখনও সমানভাবে জড়িয়ে আছে সালমান খানের আলোচিত প্রেমের ছবি ‘তেরে নাম’। সেই আবেগকেই আবার বড় পর্দায় ফিরিয়ে আনল ছবিটির পুনর্মুক্তি। আর মুক্তির পর প্রথম সপ্তাহেই ছবিটি বক্স অফিসে সংগ্রহ করেছে প্রায় ১ কোটি ৮৯ লাখ রুপি, যা পুরনো ছবির পুনর্মুক্তির ক্ষেত্রে বেশ ইতিবাচক সাড়া বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
২০০৩ সালে মুক্তির সময়েই ‘তেরে নাম’ দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। বিশেষ করে রাধে ও নির্জারার করুণ প্রেমের গল্প বহু দর্শকের কাছে হয়ে উঠেছিল স্মরণীয় এক অভিজ্ঞতা। দীর্ঘ সময় পর সেই গল্প আবার বড় পর্দায় ফিরে আসতেই পুরনো স্মৃতিতে ভেসে সিনেমা হলে ভিড় করছেন দর্শকরা।
পুনর্মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ৩৩ লাখ ৭২ হাজার রুপি। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৩৪ লাখ ৪২ হাজার রুপি। তৃতীয় দিনে আরও বাড়ে দর্শক উপস্থিতি, সংগ্রহ হয় ৩৭ লাখ ৮৭ হাজার রুপি। সপ্তাহান্তে এই ঊর্ধ্বমুখী ধারার পেছনে মূল ভূমিকা রেখেছে দর্শকদের নস্টালজিয়া এবং সালমান খানের প্রতি তার ভক্তদের অটুট ভালোবাসা।

তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বাভাবিকভাবেই কিছুটা কমে আসে আয়ের গতি। চতুর্থ দিনে ছবিটি আয় করে ২১ লাখ ২৬ হাজার রুপি। পঞ্চম দিনে আয় হয় ২৩ লাখ ৬৫ হাজার রুপি। ষষ্ঠ দিনে সংগ্রহ দাঁড়ায় ১৯ লাখ ৪৮ হাজার রুপি এবং সপ্তম দিনে ১৯ লাখ ১৩ হাজার রুপি।
দুই দশকের বেশি পুরনো এই ছবির প্রতি দর্শকদের এমন সাড়া আবারও প্রমাণ করে, শক্তিশালী গল্প আর জনপ্রিয় অভিনয় সময়ের সীমানা পেরিয়েও দর্শকের মনে জায়গা করে নিতে পারে। রাধে চরিত্রে সালমান খানের অভিনয় এখনও দর্শকের আবেগকে নাড়া দেয় বলেই মনে করছেন অনেকেই।
ভারতীয় চলচ্চিত্রে সাম্প্রতিক সময়ে পুরনো জনপ্রিয় ছবিগুলোর পুনর্মুক্তির প্রবণতা বাড়ছে। আর ‘তেরে নাম’-এর এই সাড়া দেখিয়ে দিচ্ছে, শক্তিশালী ভক্তগোষ্ঠী আর স্মৃতিবিজড়িত গল্প থাকলে পুরনো ছবিও আবার নতুন করে দর্শক টানতে পারে প্রেক্ষাগৃহে।
টিজে/টিএ