টানা ৮ দিন বাবা-মেয়ের অ্যাকশন শুটিং, বাড়ছে ‘কিং’ ঘিরে দর্শকের আগ্রহ
ছবি: সংগৃহীত
০৮:১৭ এএম | ০৮ মার্চ, ২০২৬
বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। এবার সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খান। ছবিটির জন্য সম্প্রতি টানা আট দিন ধরে একটি বড় আকারের অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন তারা।
মুম্বাইয়ের ভায়ান্দারে অবস্থিত এলোরার স্টুডিওতে তৈরি করা হয়েছিল বিশাল আয়োজনের একটি বিজয়াদশমী উৎসবের সেট। উৎসবের রঙিন আবহ, আলোকসজ্জা এবং বিপুল জনসমাগমের পরিবেশ তৈরি করে সেখানে ধারণ করা হয়েছে ছবিটির গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য। নির্মাতারা বিশেষভাবে এই সেট তৈরি করেছিলেন, যাতে উৎসবের আনন্দঘন পরিবেশের মধ্যেই বড় পরিসরের অ্যাকশন মুহূর্তগুলো ফুটিয়ে তোলা যায়।

চিত্রগ্রহণ সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই দৃশ্যের জন্য বিশাল আয়োজন করা হয়েছিল। উৎসবের উচ্ছ্বাস, ঢাকঢোল, আলো আর মানুষের ভিড়ের মাঝে পরিকল্পনা করা হয় তীব্র গতির অ্যাকশন দৃশ্য। সেই পরিবেশে শাহরুখ খান ও সুহানা খানকে একসঙ্গে পর্দায় দেখা যাবে, যা ছবিটির অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘কিং’ ছবিটি শুরু থেকেই আলোচনায় রয়েছে মূলত বাবা-মেয়ের এই জুটি পর্দায় একসঙ্গে আসার কারণে। শক্তিশালী অ্যাকশন নির্ভর গল্প, বড় মাপের নির্মাণ এবং তারকাদের উপস্থিতি- সব মিলিয়ে ছবিটিকে চলতি সময়ের অন্যতম বড় সিনেমাটিক আয়োজন হিসেবে দেখা হচ্ছে। দর্শকরা এখন অপেক্ষায় আছেন, পর্দায় কেমন চমক নিয়ে হাজির হয় শাহরুখ ও সুহানার এই বহুল প্রতীক্ষিত ছবি।
এসকে/টিকে