গান ঘিরে বিতর্ক, গ্রেপ্তারের আশঙ্কায় মুখ খুললেন বাদশা
ছবি: সংগৃহীত
০৮:৪৫ এএম | ০৮ মার্চ, ২০২৬
হারিয়ানার গানকে ঘিরে বিতর্কে এবার মুখ খুললেন জনপ্রিয় গায়ক ও র্যাপ শিল্পী বাদশা। সম্প্রতি প্রকাশিত তাঁর নতুন সংগীতচিত্র ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠতেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, হরিয়ানা পুলিশ তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করে। এমনকি যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়। এই পরিস্থিতিতেই অবশেষে প্রকাশ্যে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন এই শিল্পী।
সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর হরিয়ানভি সংগীতচিত্র ‘টটীরী’ প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, গানের দৃশ্যে স্কুলের পোশাক পরা কিছু মেয়েকে দেখানো হয়েছে, যারা কাঁধের ব্যাগ নামিয়ে হঠাৎ গানের তালে নাচতে শুরু করে। সমালোচকদের দাবি, এমন দৃশ্য সমাজে ভুল বার্তা দিতে পারে। পাশাপাশি গানের ভাষা নিয়েও আপত্তি তোলেন অনেকেই। অভিযোগ ওঠে, সেখানে অশালীন শব্দের ব্যবহার রয়েছে।

এই অভিযোগের পরই নড়েচড়ে বসে প্রশাসন। হরিয়ানা পুলিশ সমাজমাধ্যমে জানায়, অশ্লীল ও আপত্তিকর গানের অভিযোগে গায়ক বাদশার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করা হয়েছে। এর ফলে যে কোনও সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন সমাজমাধ্যম থেকে গানটিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানা যায়।
বিতর্ক চরমে উঠতেই শনিবার নিজের সমাজমাধ্যমের পাতায় সরাসরি এসে প্রতিক্রিয়া জানান বাদশা। তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত তাঁর নতুন গান ‘টটীরী’ অনেক মানুষের, বিশেষ করে নিজের হরিয়ানভি সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছে এ কথা তিনি বুঝতে পেরেছেন।
নিজের বক্তব্যে তিনি আরও জানান, তিনি নিজেও হরিয়ানার সন্তান এবং নিজের সংস্কৃতি ও পরিচয়ের জন্য সবসময়ই গর্ববোধ করেন। তাঁর ভাষা, খাবার, জীবনযাপন সবকিছুতেই হারিয়ানভি পরিচয় গভীরভাবে জড়িয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি। তাই কোনও শিশু বা নারীর সম্পর্কে অসম্মানজনক কিছু বলার ইচ্ছা তাঁর কখনও ছিল না বলেই দাবি করেন এই গায়ক।
একই সঙ্গে ভক্তদের কাছেও ক্ষমা চান তিনি। তবে গানের পেছনে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না বলেও স্পষ্ট করেন বাদশা। শেষ পর্যন্ত হারিয়ানার মানুষদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, তাঁকে হরিয়ানার ছেলে ভেবে যেন ক্ষমা করে দেওয়া হয়।
এদিকে সংগীতচিত্র ঘিরে বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। তবে ক্ষমা চেয়ে প্রকাশ্যে আসার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সঙ্গীতপ্রেমী ও অনুরাগীদের।
পিআর/টিকে