মামলা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ০৮ মার্চ, ২০২৬
মামলা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। অভিযোগ করে বলেন, আবারও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, 'আবারও আওয়ামীলীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা বলতে চাই, মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। এক পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে।'
বিএনপিকে আওয়ামী লীগের মতো করে দেখতে চান না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'বিএনপি ফ্যাসিবাদ বিরোধী দল। গণঅভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীরা রাজপথে ছিল। কিন্তু বিএনপি যদি রক্তের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগ আর ভারতের সঙ্গে আঁতাত করে, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের আশ্রয় দেয় তাহলে আমাদের রাজপথে প্রতিরোধ ছাড়া উপায় থাকবে না।'
বরিশালের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে আমাদের অনেক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি মেনে নেয়া হবে না'।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ।
আইকে/টিএ