ভারতই বিশ্বকাপ জয়ের যোগ্য, মন্তব্য আফ্রিদির
ছবি: সংগৃহীত
১২:১৪ এএম | ১০ মার্চ, ২০২৬
দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। রবিবার আহমেদাবাদে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানের বড় জয়ে তৃতীয়বারের মতো কুড়ি কুড়ি ট্রফি জয়ের স্বাদ পেল সূর্যকুমার যাদবরা। ভারতের এ জয়ের পর বিশেষ বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তানের ২০০৯ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন স্পিন অলরাউন্ডার আফ্রিদি। প্রতিবেশী ভারতের জয়ের পর সেই সময়কার স্মৃতি রোমন্থনের পাশাপাশি সূর্যকুমারদের প্রশংসা করেছেন তিনি।
নিজের এক্সে পোস্ট করা একটি ভিডিওতে আফ্রিদি বলেন, তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্টজুড়েই তারা নিখুঁত দল হিসেবে প্রমাণ করেছে। এটি ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের। এমন পারফরম্যান্সই প্রমাণ করে কেন ভারত এখনো বিশ্ব টুর্নামেন্টে শীর্ষে রয়েছে।’

বোলিং-ব্যাটিং ও ফিল্ডিং তিন সেক্টরে ভারতের ক্রিকেটাররা সর্বোচ্চটুকু করে দেখিয়েছে। ব্যাটিং সঞ্জু স্যামসন, ইশান কিশান তাদের সেরাটা দেখিয়েছেন। বোলিংয়ে জসপ্রিত বুহমরাহ, আর্শদীপ সিংরা। তার মধ্যে শিবম দুবে ও হার্দিক পাণ্ডিয়ারা দেখিয়েছেন সেরাটা। অভিষেক শর্মা শুরুতে অপফর্মে থাকলেও শেষের দিকে ছিলেন বেশ মানানসই। অধিনায়ক সূর্যকুমারও সময়ের প্রয়োজনে জ্বলেছেন।
ভারতের বেঞ্চের শক্তির প্রশংসা করতে গিয়ে আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপ শেষ। আমার মতে, ভারতই এই শিরোপার যোগ্য। তাদের দলগত সমন্বয় অসাধারণ। বেঞ্চে থাকা খেলোয়াড়েরাও প্রথম একাদশের মতোই মানসম্পন্ন।
তাই আমি সব সময় বলি, আপনার বেঞ্চ শক্তিশালী হতে হবে। ভারতের বেঞ্চ খুবই শক্তিশালী ছিল সেখান থেকে যেকোনো খেলোয়াড়কে তুলে এনে সহজেই প্রথম একাদশে রাখা যেত। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চ্যাম্পিয়নের মতোই খেলেছে।’
এসএস/টিএ