গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো ঘরোয়া লিগের ম্যাচগুলো
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ ফুটবল লিগে অন্যতম ভেন্যু গোপালগঞ্জ স্টেডিয়াম। ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু এটি। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এজন্য বাফুফের লিগ কমিটি প্রথম লেগের পরবর্তী ম্যাচগুলো গোপালগঞ্জ থেকে সরিয়ে নিয়েছে।
বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেন, ‘গোপালগঞ্জ ইস্যুতে আজ লিগ কমিটির জরুরি সভা ছিল। সভায় আসন্ন রাউন্ড থেকে প্রথম লেগ পর্যন্ত গোপালগঞ্জ ভেন্যুতে খেলা স্থগিত রাখা হয়েছে। ক্লাবগুলোকে ফেডারেশন ঝুকির মুখে ফেলতে চায় না। গোপালগঞ্জের দুই হোম ভেন্যুর দল আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নকে মানিকগঞ্জ কিংবা ময়মনসিংহে খেলার প্রস্তাব দেয়া হয়েছে। তাদের হোম এই দুই ভেন্যুর একটিতে করতে পারে আবার চাইলে অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষের হোমেও খেলতে পারে সেই সুযোগও তাদের দেয়া হয়েছে।’
ব্রাদার্স ও আরামবাগ গোপালগঞ্জের সংকট আচ করে আগেভাগেই চিঠি দিয়েছে। দুই ক্লাবই ঢাকা স্টেডিয়ামে নিজেদের বাকি হোম ম্যাচ খেলার আবেদন জানিয়েছে। আরামবাগ ঢাকা স্টেডিয়ামের সাথে মানিকগঞ্জেও খেলার আগ্রহ প্রকাশ করেছে। ক্লাবটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ‘ঢাকা স্টেডিয়াম কিংবা মানিকগঞ্জ যেখানে ফেডারেশন দেবে সেখানে আমরা বাকি হোম ম্যাচ খেলতে রাজি রয়েছি।’
তবে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমের খান ঢাকা স্টেডিয়ামে খেলার ব্যাপারে গুরুত্ব আরোপ করে বলেন, ‘মানিকগঞ্জের মাঠ ভালো নয়। বসুন্ধরা কিংস-ব্রাদার্স খেলা রয়েছে এখন সেই ম্যাচ মানিকগঞ্জ হলে কিংসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরিতে পড়লে তো দেশেরই ক্ষতি হবে। জামাল ভূইয়া ইতোমধ্যে মানিকগঞ্জে খেলতে গিয়ে আহত হয়েছে। তাই আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই, ফেডারেশন কাপ হলে, লিগের কয়েকটি ম্যাচ হলে সমস্যা দেখি না।’
সাফের জন্য ঘরোয়া ফুটবলে প্রায় এক মাস বিরতি ছিল। গত পরশু দিন মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল আবার শুরু হয়েছে। আগামীকাল থেকে লিগের ষষ্ঠ রাউন্ড। ফর্টিজ ও বসুন্ধরা কিংস বিকেল সাড়ে পাঁচটায় কিংস অ্যারেনায় লড়বে। এর আগে বেলা আড়াইটায় ভিন্ন দুই ম্যাচে নামবে আবাহনী ও মোহামেডান। মোহামেডান ক্লাব পুনরায় লিগ ম্যাচ খেলার আগে আজ সন্ধ্যায় ফুটবলারদের উজ্জীবিত করতে সভা ডেকেছিল। সেখানে পরিচালকরা ক্লাবের শিরোপা পুনরুদ্ধারের জন্য ফুটবলারদের তাগিদ দেন।
এমআই/