ব্যালন ডি’অরের ইতিহাসে মেসির ভোট পাওয়া ফুটবলারদের তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত
১২:৫৩ এএম | ২৬ নভেম্বর, ২০২৬
আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির পছন্দের তালিকায় কারা ছিলেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল থাকাই স্বাভাবিক। মাঠের পারফরম্যান্সে অসংখ্য তারকাকে ছাড়িয়ে যাওয়া মেসি ভোটার হিসেবেও কাদের এগিয়ে রেখেছেন, এবার জানা গেল সেই হিসাব। ক্ষুদে জাদুকরের ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকায় আছেন চার আর্জেন্টাইন। তবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।
ব্যালন ডি’অরের আয়োজক প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে মেসির দেয়া ভোটের তালিকা। এতে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কার এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফিতে তার পছন্দের ফুটবলারদের নাম উঠে এসেছে।
আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দিয়েছেন মেসি। সে সময় জাতীয় দলের অধিনায়কেরা এই পুরস্কারের ভোটার ছিলেন। পরে ২০২১ সাল থেকে তরুণ ফুটবলারদের জন্য দেয়া কোপা ট্রফির ভোটেও অংশ নিচ্ছেন তিনি।
মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। তাদের মধ্যে আগুয়েরো পেয়েছেন দুইবার মেসির ভোট। ব্যালন ডি’অরের মূল পুরস্কারের ভোটে জায়গা পেয়েছেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। অন্যদিকে গারনাচো আছেন কোপা ট্রফির তালিকায়।
মেসির সবচেয়ে পছন্দের খেলোয়াড়দের একজন ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫ ব্যালন ডি’অরের পাঁচটি আসরেই ইনিয়েস্তাকে ভোট দিয়েছেন তিনি। এর মধ্যে দুবার তাকে রেখেছেন প্রথম স্থানে। এ ছাড়া জাভি হার্নান্দেজও মেসির ভোট পেয়েছেন একাধিকবার।
২০১৪ সালের ভোটে মেসির পছন্দ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পরের সেই আসরে নিজের প্রথম ভোটটি দিয়েছিলেন আনহেল দি মারিয়াকে। দ্বিতীয় স্থানে রেখেছিলেন ইনিয়েস্তাকে, আর তৃতীয় স্থানে ছিলেন মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা খেলোয়াড়েরা যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।

কোপা ট্রফির ভোটেও মেসির পছন্দের প্রভাব দেখা গেছে। ২০২৬ সালের ভোটে তার প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটে পাউ কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন ইয়ামাল। অর্থাৎ, মাত্র দুই ভোটের ব্যবধানে নির্ধারিত হয় বিজয়ী।
ব্যালন ডি’অরে মেসির ভোট
২০১১: প্রথম জাভি হার্নান্দেজ, দ্বিতীয় আন্দ্রেস ইনিয়েস্তা, তৃতীয় সার্জিও আগুয়েরো।
২০১২: প্রথম আন্দ্রেস ইনিয়েস্তা, দ্বিতীয় জাভি হার্নান্দেজ, তৃতীয় সার্জিও আগুয়েরো।
২০১৩: প্রথম আন্দ্রেস ইনিয়েস্তা, দ্বিতীয় জাভি হার্নান্দেজ, তৃতীয় নেইমার।
২০১৪: প্রথম আনহেল দি মারিয়া, দ্বিতীয় আন্দ্রেস ইনিয়েস্তা, তৃতীয় হাভিয়ের মাশ্চেরানো।
২০১৫: প্রথম লুইস সুয়ারেজ, দ্বিতীয় নেইমার, তৃতীয় আন্দ্রেস ইনিয়েস্তা।
কোপা ট্রফিতে মেসির ভোট
২০২১: প্রথম পেদ্রি, দ্বিতীয় নুনো মেন্দেস, তৃতীয় জুড বেলিংহ্যাম।
২০২২: প্রথম গাভি, দ্বিতীয় নুনো মেন্দেস, তৃতীয় জুড বেলিংহ্যাম।
২০২৩: প্রথম জামাল মুসিয়ালা, দ্বিতীয় পেদ্রি, তৃতীয় জুড বেলিংহ্যাম।
২০২৪: প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় পাউ কুবারসি, তৃতীয় আলেহান্দ্রো গারনাচো।
২০২৫: প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় দেজিরে দুয়ে, তৃতীয় পাউ কুবারসি।
২০২৬: প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় পাউ কুবারসি, তৃতীয় ইব্রাহিম মাজা। তথ্যসূত্র- টিওয়াইসি স্পোর্টস
একেএস