সুখবর দিল ফিনালিসিমার আয়োজক দেশ কাতার
ছবি: সংগৃহীত
০৩:৩৮ এএম | ১০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়ে আর্জেন্টিনা ও স্পেন-এর মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি। তবে মহাদেশীয় দুই চ্যাম্পিয়নের লড়াই ভেস্তে যাওয়ার শঙ্কার মধ্যেই মিলল সুখবর।
আগামী বৃহস্পতিবার থেকে আবারও ফিনালিসিমার আয়োজক দেশ কাতারের মাঠে ফিরছে ফুটবল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ মার্চ দোহায় ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
কাতারের ঘরোয়া প্রতিযোগিতাগুলো এই সপ্তাহেই আবার শুরু হতে যাচ্ছে। এরমধ্যে আছে কাতার স্টার্স লিগ। ইতোমধ্যে বৃহস্পতিবারের জন্য তিনটি ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শনিবার থেকে ক্লাবগুলো আবার অনুশীলন শুরু করেছে, যদিও আঞ্চলিক উত্তেজনার কারণে দলগুলো বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কাজ করছে।
বর্তমান পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, এরপরও জাতীয় প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। কাতারের ক্লাবগুলোকে আবার অনুশীলন কেন্দ্র ও স্টেডিয়ামে ফিরতে অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ, তবে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা বজায় রাখা হয়েছে। খেলোয়াড় ও কোচিং স্টাফরা বাড়তি নিরাপত্তা প্রটোকল মেনে চলছেন এবং আয়োজকরা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ফিনালিসিমার আয়োজক শহর এখনও চূড়ান্ত নয়
এখন পর্যন্ত ফিনালিসিমার আয়োজক শহর হিসেবে কাতারের দোহাকেই ধরা হচ্ছে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মহারণ নিয়ে সমর্থকদের আবেগ উত্তেজনা এখনো প্রবল।
গত কয়েক দিনে বিকল্প ভেন্যু হিসেবে কয়েকটি স্টেডিয়ামের নাম আলোচনায় এলেও, কনমেবল ও ইউয়েফা দ্রুতই সেই জল্পনা থামিয়ে দেয়। যৌথ এক বিবৃতিতে দুই সংস্থা জানায়, ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহের শেষের দিকে নেওয়া হবে।
দুই মহাদেশের ফুটবল নিয়ন্তক সংস্থার বিলম্বকে অনেকেই সময় নেওয়ার কৌশল হিসেবে দেখছেন, যাতে কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে।
আঞ্চলিক উত্তেজনা সিদ্ধান্তকে জটিল করছে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে কাতার সতর্ক অবস্থায় রয়েছে। অঞ্চলে ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি নিয়ে উদ্বেগ রয়েছে। যদিও দুই দিন আগে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা করা হবে না-তবু পরিস্থিতি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কিছু ইঙ্গিতও দেখা যাচ্ছে। আকাশসীমায় আরোপ করা বিধিনিষেধ কিছুটা শিথিল হতে শুরু করেছে, আর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা ফের শুরু হওয়াও ইঙ্গিত দিচ্ছে যে বড় ক্রীড়া আয়োজনের জন্য পরিবেশ ধীরে ধীরে অনুকূল হতে পারে।
এই ধারা বজায় থাকলে, আগের পরিকল্পনা অনুযায়ী কাতারই ফিনালিসিমা আয়োজন করতে পারে। পাশাপাশি কাতার ফুটবল ফেস্টিভাল-এর অংশ হিসেবে নির্ধারিত আরও পাঁচটি ম্যাচও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমআই/টিএ