নিজেকে প্রমাণ করতে শেষ সুযোগ পাচ্ছেন নেইমার
ছবি: সংগৃহীত
০৯:৩৬ এএম | ১০ মার্চ, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে জাতীয় দলের কোচিং স্টাফ প্রাথমিক তালিকায় রেখেছেন।
বর্তমানে সান্তোস ক্লাবে খেলছেন নেইমার। তবে চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই ব্রাজিল দল তাদের স্কোয়াড ঘোষণা করবে এবং তখনই নিশ্চিত হবে নেইমার দলে থাকছেন কি না।
এদিকে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের পারফরম্যান্স সরাসরি দেখার জন্য সান্তোসের পরবর্তী ম্যাচটি মাঠে বসে দেখবেন। এতে বোঝা যাচ্ছে, নেইমারের বর্তমান ফিটনেস ও ফর্ম নিয়ে কোচিং স্টাফ বিশেষভাবে নজর রাখছে।

দীর্ঘ সময় ইনজুরির কারণে গত কয়েক মাসে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার। এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে আবার নিজের ফর্মে ফেরার চেষ্টা করছেন।
বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলোই হবে ব্রাজিল দলের শেষ আন্তর্জাতিক সূচি। তাই এই ম্যাচগুলোকে সামনে রেখে কোচ আনচেলত্তি এবং তার সহকারীরা খেলোয়াড়দের শেষবারের মতো যাচাই করার সুযোগ পাবেন।
এদিকে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের তরুণ প্রতিভা এন্ড্রিক-ও। জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ'তে যোগ দেয়ার পর থেকেই জাতীয় দলের কোচিং স্টাফ তার পারফরম্যান্সের ওপর নজর রাখছেন।
ফরাসি ফুটবলে দ্রুত মানিয়ে নিয়ে তরুণ এই ফরোয়ার্ড ইতোমধ্যেই দারুণ প্রভাব ফেলেছেন। লিওঁ'র হয়ে মাত্র ১০ ম্যাচে তিনি ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। তার বর্তমান ফর্ম বিবেচনায় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে।
আরআই/টিকে