© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড় ব্যবধানে হারের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পিটার বাটলারের

শেয়ার করুন:
বড় ব্যবধানে হারের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পিটার বাটলারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ এএম | ১০ মার্চ, ২০২৬
অস্ট্রেলিয়ার পার্থে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে এএফসি নারী এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের পর দলের প্রধান কোচ পিটার বাটলার স্পষ্টভাবে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তিনি চরম হতাশা প্রকাশ করে জানিয়েছেন, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট ও পেশাদারিত্বের অভাবের কারণে দলের সঙ্গে কাজ চালিয়ে নেয়া তার পক্ষে কঠিন।

৫৯ বছর বয়সী এই ইংলিশ কোচ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, আমি এখানে থাকছি না। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। সেখানে স্ত্রীর সঙ্গে কথা বলব, নিজের কুকুরকে নিয়ে হাঁটতে যাব এবং এরপর আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো। কারণ যেভাবে প্রত্যাশা ছিল, সেভাবে যদি সহায়তা বা সমর্থন না পাই, তাহলে দায়িত্ব চালিয়ে নেয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনো জাদুকর নই।

নিজের পেশাদার ক্যারিয়ারের কথা স্মরণ করিয়ে দিয়ে বাটলার আরও বলেন, আমি ক্যারিয়ারে অনেক কাজ করেছি এবং আমার কাজের জবাবদিহি কারও কাছে দেয়ার প্রয়োজন নেই। আমি কোনো ফালতু কাজ করি না। এখন সময় এসেছে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার।


বাটলার জানান, তার হতাশার মূল কারণ হলো বড় দলগুলোর সঙ্গে লজিস্টিক সাপোর্টের বিশাল ব্যবধান এবং খেলোয়াড়দের মানসিকতা। দলের ভিডিও ইকুইপমেন্ট ও ক্যামেরার অভাব উল্লেখ করে তিনি আক্ষেপ করে বলেন, আমাদের সেই সুবিধা নেই। অনেক সময় মনে হয়, যেন একজন বক্সার এক হাত পেছনে বেঁধে লড়াই করতে নামছে।

উজবেকিস্তানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তিন গোল হজমের বিষয়ে তিনি বলেন, দ্বিতীয়ার্ধে আমাদের রক্ষণভাগ বেশ দুর্বল ছিল। সত্যি বলতে, এক বা দুজন খেলোয়াড় যেন হাল ছেড়ে দিয়েছিল। বিষয়টি আমাকে চরম হতাশ করেছে।

এছাড়া বাটলার বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়নশিপ আর এশিয়ান কাপের মধ্যে তফাৎ তুলে ধরেছেন। তিনি মনে করেন, বাংলাদেশ এশিয়ান কাপের এই পর্যায়ে খেলতে এসেছে অনেকটা ভাগ্যের জোরে। ফিলিপাইন, ভিয়েতনাম বা ভারতের মতো দলের সুনির্দিষ্ট পরিকল্পনা ও পেশাদারিত্বের সঙ্গে তুলনা করে তিনি বলেন, সাফে আপনি তেমনভাবে পরীক্ষিত হন না। এই পর্যায়ে লড়াই করার মতো অবস্থায় আমরা ছিলাম না, এটাই কঠিন বাস্তবতা।

এবারের পার্থ ম্যাচ ও মোট পারফরম্যান্স নিয়ে স্পষ্টভাবে হতাশা প্রকাশ করেছেন পিটার বাটলার, যা থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের ভবিষ্যৎ অনিশ্চিত।

টিজে/টিকে 

মন্তব্য করুন