ওয়ানডে সিরিজে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করলেন মাইক হেসন
ছবি: সংগৃহীত
১০:৪৯ এএম | ১০ মার্চ, ২০২৬
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার ক্ষমতা থাকলেও, কন্ডিশন বিবেচনায় টাইগারদের সম্মান করার কথা জানিয়েছেন পাকিস্তান কোচ মাইক হেসন। মিরপুরের উইকেট দেখে তিনি সন্তুষ্ট। এছাড়া স্কোয়াডের ছয় নতুন ক্রিকেটারের জন্য এই সিরিজকে সুযোগ হিসেবে দেখছেন হেসন।
পাকিস্তানের এই দলটি বেশ অচেনা। পরিচিত ক্রিকেটার খুঁজতে বেগ পেতে হয়। স্কোয়াডের ছয়জন ক্রিকেটারের এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি এবং তাদের মধ্যে চারজন প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার অপেক্ষায়। বাংলাদেশ দলের বিপক্ষে সিরিজকে নতুনদের সুযোগ হিসেবে দেখছেন মাইক হেসন।
তিনি বলেন, রোমাঞ্চকর একটি দল। আমাদের এখানে নতুন কিছু মুখ আছে যারা শাহীন্সে ভালো করেছে। জাতীয় দলের তাদের পাওয়া আমাদের জন্য আনন্দের বিষয়।
শেষবার বাংলাদেশ সফরে এসে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন হেসন। এবার তার মনোভাব বদলেছে। বিপিএলের ম্যাচগুলোও পর্যবেক্ষণ করেছেন তিনি এবং এই সিরিজে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছেন।

মাইক হেসন আরও বলেন, অবশ্যই আগের তুলনায় অনেক ভালো পিচ। বিপিএলেও দেখেছি যথেষ্ট ভালো পিচ ছিল। ঘাসও আছে এবং ব্যাট-বলে দারুন লড়াই হবে। আমার মনে হয় দু’দলই সমানভাবে উপকৃত হবে।
মিরপুরের উইকেট ও কন্ডিশনের পাশাপাশি ওয়ানডে ফরম্যাটের সাথে মানিয়ে নেয়াও পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। স্কোয়াডের তারকা ক্রিকেটাররা সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। হোম কন্ডিশনে টাইগারদের সামর্থ্য জানলেও সফরকারীদের লক্ষ্য ৩-০তে সিরিজ জয়।
পাকিস্তান কোচ বলেন, অবশ্যই আমরা পারি। কিন্তু বাংলাদেশের কন্ডিশনে তাদের সম্মান করি। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ কিছু ৫০ ওভারের ক্রিকেট খেলেছে। আমাদেরও এই ফরম্যাটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে।
মিরপুরে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে বুধবার অনুষ্ঠিত হবে।
টিজে/টিকে