© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিটি ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল

শেয়ার করুন:
সিটি ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ১০ মার্চ, ২০২৬
কয়েক মৌসুম ধরেই চোট ভীষণ ভোগাচ্ছে রিয়াল মাদ্রিদকে। শেষ কবে দলটি স্কোয়াডের অধিকাংশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পেয়েছিল তাও খুঁজে দেখতে হচ্ছে। আসন্ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেও তাদের একই দশা। চোটাক্রান্ত খেলোয়াড়দের দীর্ঘ তালিকায় নতুন করে যোগ হয়েছেন আলভারো কাররেয়াস।

সপ্তাহখানেক আগে লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আঘাত পান এই ডিফেন্ডার। সেদিন অবশ্য পুরোটা সময়ই মাঠে ছিলেন তিনি। তবে কার্ডের নিষেধাজ্ঞায় স্বাভাবিকভাবেই ছিলেন না গত শুক্রবার সেলটা ভিগোর বিপক্ষে রিয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে। তাই কাররেয়াসের চোটের বিষয়টি সামনে আসে গতকাল সোমবার।

ক্লাবটি বিবৃতি দিয়ে জানায়, ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে এই লেফট-ব্যাকের।

তার চোট কতটা গুরুতর বা কবে নাগাদ ফিরতে পারেন, কিছুই বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে। তবে এএস তাদের প্রতিবেদনে লিখছে, সোমবার তার অনুশীলনে ফেরার আশায় ছিল দল। তবে সেটা সম্ভব হয়নি।



ফলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নিশ্চিতভাবেই খেলতে পারছেন না কাররেয়াস। বুধবার সান্তিয়াগো বার্ন্যাব্যুতে হবে ম্যাচটি। পরিস্থিতির উন্নতি হলে আগামী সপ্তাহে ফিরতি লেগে তাকে মাঠে দেখা যেতে পারে।

রক্ষণভাগের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার এদের মিলিতাও ও ডাভিড আলাবা আগে থেকেই বাইরে আছেন। সঙ্গে যোগ হলো কোচের আস্থা অর্জন করা কাররেয়াস।

বেনফিকা থেকে গত গ্রীষ্মে রিয়ালে যোগ দিয়ে চলতি মৌসুমে দলটির হয়ে সব মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন ২২ বছর এই ফুটবলার। মিডফিল্ডার দানি সেবাইয়োসও চোটে ভুগছেন।

সবচেয়ে বড় আঘাত লেগেছে দলটির আক্রমণভাগে। রদ্রিগো ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য এবং অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যামও আছেন মাঠের বাইরে। এছাড়া গোলের জন্য সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পেরও আছে চোট সমস্যা। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে এখনও পরিষ্কার কোনো কিছু ক্লাবের পক্ষ থেকে অবশ্য জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর আসছে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। যদিও সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

টিজে/টিকে 

মন্তব্য করুন