‘খুব মিস করব বাবা, অনেক বেশি’-রিঙ্কুর আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত
০৪:১৩ পিএম | ১০ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেও গভীর শোক বয়ে বেড়াচ্ছেন ভারতের ক্রিকেটার রিঙ্কু সিং। বিশ্বকাপ জয়ের কয়েক দিন আগেই মারা গেছেন তাঁর বাবা। তাই শিরোপা জয়ের মুহূর্তেও বাবার কথা ভেবেই আবেগাপ্লুত হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন বার্তাও লিখেছেন তিনি।
ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপা ধরে রাখে ভারত। একাদশে না থাকলেও বিশ্বকাপজয়ী দলে ছিলেন রিঙ্কু সিংও। তবে দলের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেননি তিনি, কারণ ফাইনালের কয়েক দিন আগেই বাবাকে হারান এই ক্রিকেটার।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রিঙ্কু লিখেছেন, জীবনে কখনো এত দিন বাবার সঙ্গে কথা না বলে থাকেননি তিনি। সামনে বাবাকে ছাড়া জীবন কীভাবে চলবে, তা এখনো বুঝে উঠতে পারছেন না।
হিন্দিতে লেখা সেই বার্তায় রিঙ্কু লিখেছেন, ‘আপনার সঙ্গে কথা না বলে এত দিন কখনো কাটেনি। সামনে আপনার ছাড়া জীবন কীভাবে চলবে জানি না… কিন্তু প্রতিটি পদক্ষেপে আপনার প্রয়োজন হবে। আপনি আমাকে শিখিয়েছিলেন—দায়িত্বই সবার আগে। তাই মাঠে নেমে শুধু আপনার স্বপ্ন পূরণের কথাই ভাবছিলাম। এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে… কিন্তু মনে হয়, যদি আপনি পাশে থাকতেন।’
জীবনের ছোট–বড় প্রতিটি আনন্দের মুহূর্তে বাবার অভাব অনুভব করবেন রিঙ্কু, ‘আপনাকে খুব মিস করব, বাবা… অনেক বেশি।’
জানা গেছে, রিঙ্কুর বাবা লিভার ক্যানসারে ভুগছিলেন, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাবার স্বপ্ন পূরণ করতেই বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন রিঙ্কু। শিরোপা জয়ের পর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেলেও বাবাকে পাশে না পাওয়ার কষ্টই এখন সবচেয়ে বেশি অনুভব করছেন তিনি।
এবি/টিএ
এবি/টিএ