© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তিম মুহূর্তে দলকে বাঁচালেন লামিনে ইয়ামাল

শেয়ার করুন:
অন্তিম মুহূর্তে দলকে বাঁচালেন লামিনে ইয়ামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ এএম | ১১ মার্চ, ২০২৬
ম্যাচ শেষ হওয়ার স্রেফ কয়েক সেকেন্ড আগে পেনাল্টি পেল বার্সেলোনা। ঠাণ্ডা মাথার স্পট কিকে জাল খুঁজে নিলেন লামিনে ইয়ামাল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শেষ শটে হার এড়াল বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের লড়াইটি শেষ হয়েছে ১-১ সমতায়। হার্ভি বার্নস নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার পর, সমতা ফেরান ইয়ামাল।

গতিময় ফুটবলে বার্সেলোনাকে দারুণ চাপে রেখেছিল নিউক্যাসল। ম্যাচের শেষ দিকে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু অন্তিম সময়ে ডি-বক্সে একজন দানি ওলমোকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা।

বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। ৫৪ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য তারা ৯ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি! অন্যদিকে, নিউক্যাসল ১৬ শটের চারটি রাখতে পারে লক্ষ্যে।

প্রতিপক্ষের মাঠে চতুর্থ মিনিটেই গোল হজম করতে বসেছিল বার্সেলোনা। সান্দ্রো তোনালির হেড ধরতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। তবে গোললাইন থেকে ফিরিয়ে দেন ডিফেন্ডার পাউ কুবার্সি।

ষোড়শ মিনিটে অ্যান্থনি এলেঙ্গার আড়াআড়ি শট ডাইভ দিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গার্সিয়া। অফসাইডের বাঁশি বাজে, তবে বল জালে গেলে ভিএআর পরীক্ষায় গোল মিলতেও পারত!



২১তম মিনিটে বার্সেলোনার আক্রমণ ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দিচ্ছিলেন ড্যান বার্ন। তার ভাগ্য ভালো, বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৩৬তম মিনিটে গোলের চমৎকার সুযোগ পান ফের্মিন লোপস। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে জোর ছিল যথেষ্টই, কিন্তু যায় সরাসরি গোলরক্ষক বরাবর। লম্বা সময় ধরে এটাই ছিল লক্ষ্যে বার্সেলোনার একমাত্র শট।

দ্বিতীয়ার্ধের অনেকটা সময় লড়াই চলে মাঝমাঠে। কোনো দলই এই সময়ে খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ৬৬তম মিনিটে চমৎকার একটি সুযোগ পান রবের্ত লেভানদোভস্কি। কিন্তু একটুর জন্য বল লক্ষ্যে রাখতে পারেননি পোলিশ স্ট্রাইকার। তিন মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি নিউক্যাসলের জ্যাকব মার্ফি। ৭৩তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা ফরোয়ার্ড মার্ক বের্নাল। তার জায়গায় নামেন মার্ক কাসাদো। পরের মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান জোয়েলিনটন। তবে তিনিই অফসাইডে থাকায় মেলেনি গোল।

বার্সেলোনাকে প্রবলভাবে চেপে ধরে নিউক্যাসল। সুযোগও আসতে থাকে স্বাগতিকদের সামনে। তবে কোনো না কোনোভাবে তাদের শটগুলো ঠেকিয়ে দিচ্ছিলেন ডিফেন্ডাররা। অবশেষে ৮৬তম মিনিটে তাদের প্রতিরোধ ভাঙতে সফল হন নিউক্যাসলের খেলোয়াড়রা। মার্ফির ক্রসে অরক্ষিত বার্নেসের শট জড়ায় জালে। বেশ চেষ্টা করেছিলেন গার্সিয়া, কিন্তু ঠেকাতে পারেননি গোল।

এই গোলের কয়েক সেকেন্ড আগে, স্লাইড করে প্রতিপক্ষের গোললাইন অতিক্রম করে যান রোনাল্দ আরাউহো। খেলা শুরুর আগে তাকে মাঠে ফিরতে দেননি রেফারি। উরুগুয়ের ডিফেন্ডারের জায়গায় হার্ভেকে পাহারা দেওয়ার চেষ্টা করেন রাফিনিয়া। কিন্তু সফল হননি তিনি। মনে হচ্ছিল অসাধারণ এক জয় পাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। কিন্তু অন্তিম সময়ে পেনাল্টি পেয়ে তাদের হৃদয় ভেঙে দেন ইয়ামাল। আগামী বুধবার ফিরতি লেগ হবে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে।

এমআই/এসএন

মন্তব্য করুন