© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিপক্ষকে ৬-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ

শেয়ার করুন:
প্রতিপক্ষকে  ৬-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ এএম | ১১ মার্চ, ২০২৬
চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও, মাঠে নামলেন না হ্যারি কেইনে। দলের সেরা স্ট্রাইকারের অনুপস্থিতি মুহূর্তের জন্য বুঝতে দিলেন না তার সতীর্থরা। দুই অর্ধেই গোল উৎসব করে আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ৬-১ গোলে জিতেছে ভেসোঁ কম্পানির দল। ইতালিয়ান ক্লাবটির মাঠে জোড়া গোল করেছেন মাইকেল ওলিসে। সফরকারী বাকি চার গোল ইয়োসিপ স্তানিসিচ, সের্গে জিনাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালার।

বল দখল কিংবা আক্রমণ, কোনো ক্ষেত্রেই জার্মান চ্যাম্পিয়নদের কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি আতালান্তা। ম্যাচে মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১১ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। এই শটগুলোর অধিকাংশই অবশ্য শেষ দিকে, ফল নিয়ে যখন সব অনিশ্চয়তা শেষ। আরে বায়ার্নের ২৫ শটের ১৩টি লক্ষ্যে ছিল। প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করে বায়ার্ন। ২৫ মিনিটের মধ্যেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

দ্বাদশ মিনিটে ছোট কর্নারের পর, ছয় গজ বক্সে বল বাড়ান সের্গে জিনাব্রি এবং রক্ষণের দুর্বলতায় গোলমুখে ফাঁকায় বল পেয়ে অনায়াসে জালে পাঠান ক্রোয়াট ডিফেন্ডার স্তানিসিচ। প্রবল চাপ ধরে রেখে ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সের লাইন বরাবর আড়াআড়ি গিয়ে জোরাল শটে গোলটি করেন ওলিসে। পরের গোলেও জড়িয়ে তার নাম। এই ফরাসি উইঙ্গারের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান জার্মান ফরোয়ার্ড জিনাব্রি।



বিরতির আগে ব্যবধান বাড়তে পারতো আরও। তবে এ যাত্রায় ভাগ্য সহায় হয় স্বাগতিকদের, ডি-বক্সের বাইরে থেকে জিনাব্রির জোরাল শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই আবার আতালান্তার জালে বল। ডি-বক্সে লুইস দিয়াসের ওয়ান-টাচে ছোট পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের স্ট্রাইকার জ্যাকসন।

৬৪তম মিনিটে প্রায় একইভাবে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে। আলফুঁস ডেভিসের পাস পেয়ে, বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একাধিক খেলোয়াড়ের বাধা এড়িয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর তিন মিনিট পর, গোলমুখে জ্যাকসনের পাস পেয়ে দারুণ টোকায় ব্যবধান আরও বাড়ান জিনাব্রির বদলি মুসিয়ালা। ৭৬তম মিনিটে স্কোরলাইনে যোগ হতে পারতো উপামেকানোর নাম। তবে তার হেড পোস্টে বাধা পেলে ব্যবধান আর বাড়েনি। বরং একেবারে শেষ সময়ে খুব কাছ থেকে আতালান্তার সান্ত্বনাসূচক গোলটি করেন মারিও পাসালিচ। এই লড়াইয়ের ফিরতি লেগ হবে আগামী বুধবার, বায়ার্নের মাঠে।

একই সময়ে শুরু আরেক ম্যাচে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পারকে ৫-২ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

এমআই/এসএন

মন্তব্য করুন