পাকিস্তানের ৩ অভিষেক, বাংলাদেশের একাদশে ৩ পেসার!
ছবি: সংগৃহীত
১১:২১ এএম | ১১ মার্চ, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে খুব বড় মানের দল না নিয়েই ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান, যে দলে প্রথমবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অপেক্ষায় ৬ ক্রিকেটার। তাদের সুযোগ দিতে সাবেক অধিনায়ক বাবর আজম বাদ পড়েছেন। আজ (বুধবার) প্রথম ম্যাচের আগে আপাতত আলোচনায় আছে কেমন হবে দুই দলের একাদশ!
গতকাল (মঙ্গলবার) দলের একাদশ নিয়ে পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বলেছিলেন, ‘এক ম্যাচে তো আর ১৫ জন খেলতে পারে না। আমি খুশি হতাম যদি ১৫ জনই খেলতে পারতো। তবে দলের প্রয়োজন ও পিচের কন্ডিশন অনুযায়ী সেরা ১১ জন মাঠে নামবে। আজ আমাদের আরও একটি সেশন আছে, তারপর আমরা চূড়ান্ত একাদশ ঠিক করব।’

প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলে অভিষেক হবে ৩ জনের এমনটাই বলেছেন তিনি, ‘কাল সম্ভবত তিনটি অভিষেক হতে যাচ্ছে। সাহিবজাদা আমাদের টপ পারফর্মার, টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটেই এবং লিস্ট এ ক্রিকেটেও সে পাকিস্তানের হয়ে ভালো করেছে। হাসিবুল্লাহ ওপেন করবে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে খেলবে।’
অন্যদিকে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটির স্পষ্ট ধারণা দেননি মেহেদী হাসান মিরাজ। তবে জানা গেছে বিশ্বকাপ বিবেচনায় ৩ পেসার নিয়ে খেলবে তারা। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানাকে একাদশে দেখা যেতে পারে। এছাড়া রিশাদ হোসেন, মাহিদুল অঙ্কনের সুযোগ রয়েছে। ওপেনার হিসেবে সাইফ হাসান ও সৌম্য সরকার। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহীদ হৃদয়, পাঁচে লিটন দাসকে দেখা যেতে পারে।
আরআাই/টিকে