© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯দিন পর নিজ উদ্যোগে ভারত ছাড়ছে উইন্ডিজ, ৩৬ ঘণ্টার মধ্যে ছাড়বে দ. আফ্রিকাও

শেয়ার করুন:
৯দিন পর নিজ উদ্যোগে ভারত ছাড়ছে উইন্ডিজ, ৩৬ ঘণ্টার মধ্যে ছাড়বে দ. আফ্রিকাও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ পিএম | ১১ মার্চ, ২০২৬
ভারতে আটকে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেশে ফেরাতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এখন বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেলেও দলটি কলকাতায় আটকে ছিল এতোদিন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছিল তা বারবার বিলম্বিত হওয়ায় নিজেরাই ব্যবস্থা করে নিতে বাধ্য হয়েছে তারা। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিমান চলাচলে বিধিনিষেধ তৈরি হওয়ায় এই সমস্যা দেখা দেয়।

গত ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ দল ভারতের কাছে হেরে টি-টয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই কলকাতায় অবস্থান করছিল। ইতোমধ্যে দলের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে দেশে ফেরার ব্যবস্থা করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সিডব্লিউআই জানায়, সেদিনই বা পরদিন (১১ মার্চ) বাকি খেলোয়াড় ও স্টাফদের রওনা হওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, ৪ মার্চ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা বুধবার রাত থেকে ভারত ছাড়তে শুরু করবে। আইসিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সব খেলোয়াড় ৩৬ ঘণ্টার মধ্যেই ভারত ছাড়বেন।

মঙ্গলবার প্রকাশিত সিডব্লিউআই এর বিবৃতিতে বলা হয়, সাধারণত পুরুষ ও নারী বিশ্বকাপের সময় সব দলের যাতায়াত ও থাকার ব্যবস্থা আইসিসি-ই সমন্বয় ও পরিচালনা করে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত চার্টার ফ্লাইট বারবার পিছিয়ে যাচ্ছিল। ম্যাচ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল নয় দিন ধরে ভারতে অপেক্ষা করছিল। কিন্তু বিশ্ব পরিস্থিতি ও বিমান চলাচলের নিয়মকানুনের কারণে চার্টার ফ্লাইটের অনিশ্চয়তা বাড়তে থাকায় বিষয়টি উদ্বেগজনক হয়ে ওঠে।

খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় সিডব্লিউআই শেষ পর্যন্ত আইসিসিকে জানায় যে অনিশ্চিত চার্টার ফ্লাইটের জন্য আর অপেক্ষা করা ঠিক হবে না। এরপর সিডব্লিউআই, খেলোয়াড় ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। ইতোমধ্যে কয়েকজন সদস্য চলে গেছেন, আর বাকিরা ১০ ও ১১ মার্চের মধ্যে রওনা দেবেন।



সিডব্লিউআই আরও জানিয়েছে, এই বিষয়ে ভক্ত ও সংশ্লিষ্টদের উদ্বেগ ও আগ্রহের জন্য তারা কৃতজ্ঞ এবং সবার ধৈর্যের জন্য ধন্যবাদ জানায়।

মূলত ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড়দের সপ্তাহান্তেই দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু ৮ মার্চ সকালে আইসিসি জানায় যে একটি চার্টার ফ্লাইট বুক করা হয়েছে, যা ১০ মার্চ ভোর ২টা ৩০ মিনিটে কলকাতা থেকে উড়বে। সেই ফ্লাইট জোহানেসবার্গ হয়ে অ্যান্টিগুয়া যাওয়ার কথা ছিল।

কিন্তু পরে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকালে আইসিসি দলগুলিকে জানায় যে সেই ফ্লাইট বাতিল করা হয়েছে। এরপর আবার মঙ্গলবার দুপুর ২টার জন্য নতুন সময় দেওয়া হয়, কিন্তু সেটিও বাতিল হয়ে যায়। আইসিসির এক ইমেইলে জানানো হয়, গন্তব্যস্থলের বিমানবন্দরগুলো চার্টার অপারেটরদের জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অ্যাড-হক চার্টার ফ্লাইটকে জ্বালানি নেওয়ার অনুমতি দেওয়া হবে না। ফলে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চার্টার ফ্লাইট উড়তে পারছে না।

পশ্চিম এশিয়ার সংকটের কারণে অনেক আকাশপথ বন্ধ বা সীমিত হয়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ও কোচিং স্টাফরা টুর্নামেন্ট শেষ হওয়ার অনেক দিন পরও ভারতে আটকে ছিলেন। এ নিয়ে দুই দলের অনেক খেলোয়াড়ই সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন।

টিজে/এসএন 

মন্তব্য করুন