দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের দল ঘোষণা
ছবি: সংগৃহীত
১২:৫৮ পিএম | ১১ মার্চ, ২০২৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে পারেন তিনি।
চোটের কারণে এই সিরিজের জন্য বিবেচনায় রাখা হয়নি মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, উইল ও'রুর্ক ও ব্লেয়ার টিকনারকে। প্রথম তিন ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেন ডেভন কনওয়ে। সিরিজের শেষ দুই ম্যাচে উইকেটের পেছনে থাকতে পারেন ডেন ক্লেভার।

দলে জায়গা পেয়েছেন জেডেন লেনক্স, যিনি গত জানুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এবার তার সামনে টি-টোয়েন্টিতে অভিষেকের সুযোগ। সুপার স্ম্যাশে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার কাটেনে ক্লার্ক।
দলে আছেন কোল ম্যাকনকি, ইশ সোদি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন ও জিমি নিশামও। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার ন্যাথান স্মিথ, যিনি এখনও টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেননি।
আগামী রোববার (১৫ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক, প্রথম ৩ ম্যাচ), কাটেনে ক্লার্ক (শেষ ২ ম্যাচ), জশ ক্লার্কসন, ডেন ক্লেভার (উইকেটরক্ষক, শেষ ২ ম্যাচ), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক, প্রথম ৩ ম্যাচ), লকি ফার্গুসন (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাক ফোকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (অধিনায়ক, শেষ ২ ম্যাচ), জেডন লেকন্স (শেষ ২ ম্যাচ), কোল ম্যাকনকি, জিমি নিশাম, টিম রবিসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি।
আরআই/টিকে