ইরানকে অবশ্যই বিশ্বকাপে স্বাগত জানাবেন ট্রাম্প, দাবি ফিফা সভাপতির
ছবি: সংগৃহীত
০২:৪৬ পিএম | ১১ মার্চ, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার বিষয় অনেক পুরোনো। আরও দুটি আয়োজক দেশ থাকা সত্ত্বেও গ্রুপপর্বে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে। এ ছাড়া বিশ্বকাপের ড্র–তেও ইরানি প্রতিনিধি দলের সবাই ভিসা পাননি। সে কারণে তারা বয়কট করেছিল ওয়াশিংটনে হওয়া সেই অনুষ্ঠান। এই মাঝে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তাদের বিশ্বকাপ খেলা আরও হুমকির মুখে ফেলেছে। সেই শঙ্কা আরও জোরালো হয় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে।
কয়েকদিন আগে মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ‘(যদি ইরান বিশ্বকাপে অংশ নেয়) আমি মোটেও পরোয়া করি না। আমার মতে ইরান খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধোঁয়ায় উড়ছে।’ পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ ট্রাম্পের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমকে সমর্থন জানিয়ে বলেন, ‘পুরো বিশ্বের মানুষদের রক্ষা, বিশেষ করে আমেরিকান এবং যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে আসার পরিকল্পনা করা মিলিয়ন মানুষের নিরাপত্তার জন্য যেকোনো অস্থিতিশীল হুমকি দূর করতে হবে।’

ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে যখন এত দোলাচল, সেই মুহূর্তে ফিফা সভাপতি বলছেন ভিন্ন কথা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইনফান্তিনো বলছেন, ‘এদিন অপরাহ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। যা নিয়ে রোমাঞ্চ বাড়ছে, ৯৩ দিনের মাথায় মাঠে গড়াবে বৈশ্বিক এই আসর। আমরা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছি। তারা বাছাইপর্ব খেলে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণ নিশ্চিত করে। ওই আলোচনা ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন, “অবশ্যই ইরানিয়ান দলকে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলায় স্বাগত জানানো হবে।”’
‘অন্যান্য সময়ের চেয়ে আসন্ন ফিফা বিশ্বকাপের মতো ইভেন্টে আমরা মানুষদের আরও বেশি একতাবদ্ধ করতে চাই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানাই, এর মাধ্যমে আবারও স্পষ্ট হলো যে ফুটবল বিশ্বকাপে একত্রিত করে’, আরও যোগ করেন ইনফান্তিনো।
আসন্ন আসর দিয়ে টানা চতুর্থবার সফলভাবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করে ইরান। গত বছর এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘এ’-তে চ্যাম্পিয়ন হয় তারা। যদিও তখনই নিজেদের শঙ্কার কথা জানিয়েছিলেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। এ ছাড়া ইরানে ইসরায়েল-যুক্তরাস্ট্রের যৌথ হামলা শুরুর পর তিনি বলেন, ইউএস-ইসরায়েলি বাহিনীর অনৈতিক হামলা বিশ্বকাপ নিয়ে ভালো পূর্বাভাস দিচ্ছে না। যা আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ইরান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডকে। তাদের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। যুক্তরাষ্ট্র এবং ইরান যদি নিজেদের গ্রুপপর্ব পেরোয়, দ্বিতীয় রাউন্ডে তাদের মুখোমুখি সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে। ডালাসে তাদের এলিমিনেশন ম্যাচ হতে পারে ৩ জুলাই। যদিও আগে থেকেই ইরানি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞাসহ নানা কড়াকড়ি আরোপ রয়েছে যুক্তরাষ্ট্রে।
আরআই/টিকে