© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান

শেয়ার করুন:
২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ১১ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান। বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

দোনিয়ামালি বলেন,  ‘এই দুর্নীতিবাজ সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারব না।’

গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিবের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। দোনিয়ামালি সে প্রসঙ্গও সামনে এনেছেন।

তিনি বলেন,  “গত ৮-৯ মাসে আমাদের ওপর দুইটি যুদ্ধ চাপানো হয়েছে এবং হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। এই অবস্থায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। যদি হোস্ট দেশ অন্য কোনো দেশ হতো, আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেখাত এবং ভেন্যুটি পরিবর্তন করত।”



একইদিন ফিফা প্রেসিডেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও চলমান সংঘাতের মধ্যেও ফুটবল বিশ্বকাপে অংশ নিতে বাধা নেই ইরানের। জিয়ান্নি ইনফান্তিনো আরও জানিয়েছিলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ট্রাম্প ইরান দলের অংশগ্রহণে সম্মতি দিয়েছেন।

ইনফান্তিনোর আশ্বস্ত করার পরই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় ও শঙ্কা প্রকাশ করেন ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ। তার মন্তব্য ছিল, 
'একদিকে আমাদের শিশুদের হত্যা করে ১৬০ জনকে শহীদ করবেন, আমাদের মেয়েদের অপহরণ করবেন। এ পরিস্থিতিতে আমরা কীভাবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে আশাবাদী হতে পারি?’

মেহেদী তাজের সেই মন্তব্যের পরই ইরান রাষ্ট্রীয়ভাবে জানিয়ে দেয় ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে না দেশটির ফুটবলাররা। ইরানের অনুপস্থিতিতে বিশ্বকাপে কপাল খুলে যেতে পারে ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে। র‌্যাঙ্কিং বিবেচনায় এই দুই দেশের যে কোনো একদল খেলবে ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে।

এসএস/টিএ

মন্তব্য করুন