যুবরাজের সঙ্গে বিশেষ অনুশীলন করছেন ঋষভ পান্ত
ছবি: সংগৃহীত
১০:২৪ পিএম | ১১ মার্চ, ২০২৬
কঠিন সময়ে যুবরাজ সিংয়ের ওপরই ভরসা করলেন ঋষভ পান্ত। গতবার আইপিএলে অফ ফর্মে ছিলেন তিনি। সবচেয়ে বেশি টাকায় ২৭ কোটি রুপিতে তাকে কিনে বেশ ভুগতে হয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। তবে এবার আইপিএলের আগে ফর্ম ফিরে পেতে মরিয়া তিনি।
মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় অনুশীলন করছেন পান্ত। সেই অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নেটে ব্যাট করছেন পান্ত।পেসারা বল করছেন তাকে। মূলত বাঁহাতি পেসারদের বল খেলছেন। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে যুবরাজ।

পান্তের ব্যাটিং স্টান্সে বদল দেখা গেছে। চেস্ট অন স্টান্সে ব্যাট করছেন তিনি। তাতে অন সাইডে শট খেলার ক্ষেত্রে খানিকটা বাড়তি সুবিধা হচ্ছে। শুধু বড় শট নয়, ডিফেন্সের ওপরও নজর দিতে দেখা গেছে তাকে। যুবরাজ মনযোগ দিয়ে ব্যাটিং দেখছেন। পরে বেশ কিছুক্ষণ তাদের কথা বলতেও দেখা যায়। সেখানে পান্তকে হাতের ইশারায় যুবরাজ বোঝাচ্ছেন, কোন বল কোথায় খেলতে হবে।
টি-টোয়েন্টিতে ভারতের অন্যতম সেরা ব্যাটার অভিষেক শর্মাও যুবরাজেরই সঙ্গে কাজ করেছিলেন। এ ছাড়া শুবমান গিলকেও কোচিং করিয়েছেন তিনি। আইপিএলের দুই উদীয়মান তারকা প্রভসিমরন সিংহ ও প্রিয়াংশু আর্যও গত আইপিএলের পর যুবরাজের সঙ্গে অনুশীলন করেছেন।
এসএস/টিএ