© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানি বোলারদের ‘দুম্বার মতো মেরেছে’ তামিমরা: মোহাম্মদ আমির

শেয়ার করুন:
পাকিস্তানি বোলারদের ‘দুম্বার মতো মেরেছে’ তামিমরা: মোহাম্মদ আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ এএম | ১২ মার্চ, ২০২৬
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পেস আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে পাকিস্তান। টাইগারদের বোলিং তোপে মাত্র ১১৪ রানেই অলআউট হয় সফরকারীরা। এরপর নাাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের দাপুটে পারফরম্যান্সের ওপর ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

পাকিস্তানের এই শোচনীয় পরাজয়ের পর নিজ দেশের বোলার ও ব্যাটারদের ধুয়ে দিয়েছেন সাবেক পাকিস্তানি গতি তারকা মোহাম্মদ আমির। নিজের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় তিনি বাংলাদেশের ব্যাটিং দাপটকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, "বোলিংয়ে দেখুন, আমাদেরকে দুম্বার মতো করে মেরেছে। যেই উইকেটে আমরা ১১৪ রান করতে হিমশিম খেয়েছি, সেখানে ওরা মাত্র ১০-১২ ওভারেই সেই রান তাড়া করে ফেলেছে। এটা হয় নাকি?"

এদিন ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আমির। তিনি বলেন, "নাহিদ রানা ও মেহেদী মিরাজ চমৎকার বল করেছে। বিশেষ করে নাহিদ, সে নিয়মিত ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করছিল। আমাদের ব্যাটাররা গতি দেখলেই ভয় পায়, যা আজও দেখা গেছে।"

তবে পাকিস্তান দলের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমির বলেন, "আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি। আমার ভয় হচ্ছে আমরা কি তবে সহযোগী দেশের মানে নেমে যাচ্ছি? সিনিয়রদের বাদ দিয়ে শুধু তরুণদের দিয়ে দল চলে না, তাদের সঠিক নির্দেশনার জন্য অভিজ্ঞ খেলোয়াড় প্রয়োজন।"

পাকিস্তানের তরুণ ব্যাটার মাজ সাদাকাত এবং শামিল হোসেনের ব্যাটিং টেকনিকের কঠোর সমালোচনা করেন এই বাঁহাতি পেসার। আমির বলেন, "ওদের টেকনিকে বড় ধরণের ত্রুটি আছে। আধুনিক ক্রিকেটে তরুণরা শুধু মিড-উইকেট দিয়ে মারতে চায়। অফ-স্টাম্পের বাইরের বল কীভাবে খেলতে হয়, তারা জানেই না।"

সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। তবে আমির মনে করেন, সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ তাদের পেস আক্রমণ দিয়েই পাকিস্তানকে চাপে রাখবে। তিনি বলেন, "বাকি দুই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব বলে আশা করি। তবে বাংলাদেশ নিশ্চিতভাবেই স্পিন উইকেট বানাবে না। তাদের তিনজন দুর্দান্ত ফাস্ট বোলার আছে, যারা সিরিজ জিততে জানপ্রাণ লড়িয়ে দেবে।

এবি/টিএ

মন্তব্য করুন