© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্লাব ছাড়ার গুঞ্জনে যা বললেন আলভারেজ

শেয়ার করুন:
ক্লাব ছাড়ার গুঞ্জনে যা বললেন আলভারেজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ পিএম | ১২ মার্চ, ২০২৬
হুলিয়ান আলভারেজ তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত মন্তব্য করে অ্যাতলেটিকো মাদ্রিদ সমর্থকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। তার প্রতি বার্সেলোনা ও আর্সেনালের আগ্রহের গুঞ্জনের মাঝেই এই আর্জেন্টাইন তারকা স্বীকার করেছেন, আগামী মৌসুমে তিনি অ্যাতলেটিকোর খেলোয়াড় থাকবেন কি না তা নিশ্চিত করে বলতে পারছেন না।

চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর সাংবাদিকরা আলভারেজকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন। সেই ম্যাচে জোড়া গোল করে দলকে ৫–২ ব্যবধানে জেতাতে বড় ভূমিকা রেখেছেন এই আর্জেন্টাইন।

তবে ভবিষ্যৎ নিয়ে আলভারেজ কোনো পরিষ্কার উত্তর দেননি। তিনি বলেন, 'আমার বলার মতো কিছু নেই। এসব নিয়ে অনেক কথা হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। সবাই নিজের মতামত দেয়, বিষয়টা অনেক বড় হয়ে যায়। আমি কখনো কিছু বলিনি। আমি এখানে ভালো আছি, খুব খুশি আছি এবং সব প্রতিযোগিতায় লড়ছি।'

তিনি আরও বলেন, 'আমি কখনো ক্লাব সম্পর্কে খারাপ কিছু বলিনি। আমি অ্যাতলেটিকোতে খুব খুশি। চ্যাম্পিয়ন্স লিগে আমরা ভালো করছি এবং আমরা কোপা দেল রে ফাইনালেও আছি।'

যখন আলভারেজকে জিজ্ঞেস করা হয় ২০২৬–২৭ মৌসুমে তিনি অন্য দলে যেতে পারেন কি না, জবাবে তিনি বলেন, 'আমি কীভাবে জানব? হতে পারে, নাও হতে পারে। ফুটবলে কখন কী হয় বলা যায় না। আমি এখন এখানে খুব খুশি। প্রতিদিন ভালো করার জন্য কাজ করছি এবং দলের জন্য আমার সেরাটা দিতে চাই।'



খবরে বলা হচ্ছে, বার্সেলোনা তাকে ভবিষ্যতের প্রধান স্ট্রাইকার হিসেবে ভাবছে। ক্লাবটি তাকে রবার্ট লেভানদোভস্কির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছে। পাশাপাশি চেলসির আগ্রহের কথাও শোনা যাচ্ছে।

২০২৬ সালের শুরুটা আলভারেজের জন্য খুব ভালো ছিল না। বছরের শুরু থেকে এই ম্যাচের আগে তিনি মাত্র তিনটি গোল করেছিলেন এবং চার মাস পর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে লা লিগায় গোল পান।

চ্যাম্পিয়ন্স লিগে দুই গোল করার পর তিনি বলেন, 'এটা আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করে, কিন্তু আমি সবসময়ই ঠিক ছিলাম। ফুটবলে কখনো কখনো গোল আসে, কখনো আসে না। আমি সবসময় শতভাগ দিই।'

এদিকে, গুঞ্জনের মাঝে অ্যাতলেটিকোর সভাপতি এনরিক কেরেজো ইতোমধ্যে বলেছেন, আলভারেজ বিক্রির জন্য নয় এবং তিনি কোচ দিয়েগো সিমিওনের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তবে আলভারেজের সাম্প্রতিক মন্তব্যে বোঝা যাচ্ছে, তার ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।

টিজে/এসএন 

মন্তব্য করুন