ছাত্রদল নেতা থেকে ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত
০৩:৫৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অবশেষে নির্বাচনের এক মাসের মাথায় শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকারের চেয়ার শূন্য রেখেই অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী কায়সার কামাল। সেইসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির মহাসচিব। বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক ও আইনি মামলায় আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি।
১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন কায়সার কামাল। তার বাবা মোস্তফা কামাল মনছুর ও মা বেগম যোবায়দা কামাল। ১৯৮৮ সালে ছাত্ররাজনীতিতে পদার্পণ হয় কায়সার কামালের। ১৯৯৬ সালে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী সদস্যপদ লাভ করেন। ২০০৯ সালে লাভ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যপদ। ২০১৬ সাল থেকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করে জয়লাভ করেন কায়সার কামাল। তাকে সরকারের ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। এবার ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হলেন তিনি।
ইউটি/টিএ