© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন:
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে নেমে সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল। এর আগে দুপুর দেড়টার দিকে উপজেলার সীতার ঘাট এলাকায় নিখোঁজ হন ওই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মৃত সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল রবিবার সকাল ১০টার দিকে কাপ্তাই পৌঁছায়। স্থানীয় গাইড সঙ্গে নিয়ে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় থেকে নেমে দুপুর দেড়টার দিকে সীতার ঘাট অংশে কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় হাত-মুখ ধোয়ার জন্য নদীতে নামেন তারা। এসময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম।

নিখোঁজ শিক্ষার্থীর বন্ধু সাইফুল ইসলাম জানান, আমরা ঢাকা থেকে ৯ জন এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষ করে নেমে নদী থেকে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নেমেছিলাম। ঠিক তখনই মুহূর্তের মধ্যে আমাদের বন্ধু সানম পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।

এদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় কাপ্তাই থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল। ৩ঘন্টার অভিযান শেষে সীতারঘাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, 'তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে কাজ চালাচ্ছিল। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এখন তাকে হাসপাতালে নেওয়া হবে, সেখানে তার মৃতদেহের পরিক্ষা নীরাক্ষা করা হবে।'

আরআই/টিএ

মন্তব্য করুন