বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ
ছবি: সংগৃহীত
০৮:৪৬ এএম | ১৩ মার্চ, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনের শেষ দিক থেকে বর্তমান বোর্ডের সমালোচনা করে আসছেন তামিম ইকবাল। নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনিসহ বেশ কিছু সংগঠক সরে দাঁড়ান। সাথে আরও অনেকেই মনোনয়ন প্রত্যাহার করে নেন।
সম্প্রতি এক পডকাস্টে বিসিবির নানা কার্যক্রম নিয়ে অভিযোগ জানিয়েছেন তামিম। বোর্ড প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যথেষ্ট কারণ আছে (বোর্ডকে অবৈধ বলার)। আমাদের জেলা বিভাগে যেভাবে নির্বাচন হয়। ৩ ক্যাটাগরি আছে, সাথে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) থেকে ২ জন আসে। জেলা থেকে ডিসি নির্ধারণ করে কে (কাউন্সিলর) হবে। বিভাগ থেকে বিভাগীয় কমিশনার করে দেয়। এবারো এভাবে হয়েছিল। এরপর আমাদের প্রেসিডেন্ট (আমিনুল ইসলাম বুলবুল) একটা চিঠি ইস্যু করেন, যেটা আবারো অবৈধ। উনি চিঠি ইস্যু করতে পারেন না। উনি চিঠি ইস্যু করে বলেন যে অ্যাড-হক কমিটি থেকে, এটাও আরেকটা ব্যাপার, সব জেলা-বিভাগে অ্যাড-হক কমিটি করা হয়েছিল। এর মেয়াদ আমার মনে হয় সর্বোচ্চ ৯০ দিন থাকে। যখন নির্বাচন হয় ৯০ দিন পার হয়ে গেছে। সভাপতি চিঠি ইস্যু করে যে অ্যাড-হক কমিটি থেকেই দিতে হবে (কাউন্সিলর)। এটা অবৈধ। এটা নিয়মের বাইরে, সঠিক নয়। এরপর আগেরগুলো বাদ দিয়ে নতুন হলো, নতুন কারা হলো? যাদের সেট করা হয়েছে তারাই হয়েছে। নির্বাচনের ৫ দিন আগে এখনকার ২ জন পরিচালক আছেন, তারা ঢুকেছেন। এগুলো সব সিস্টেমেটিক ছিল।’
তামিম আরও বলেন, ‘নির্বাচনের দিন, ক্লাব থেকে ১২ জন পরিচালক হন, যেদিন ভোট ছিল সেখানে মাত্র ৭টা ভোট পড়েছে। যারা ১২ জন ঘুরে বেড়াচ্ছে তারাও অনেকে ভোট দেয়নি, কারণ সব আগের দিন রাতে (দিয়ে ফেলেছে)। যদি পারেন শেরাটনের ১৪ তালার ফুটেজটা বের করেন, আগের দিন রাতের, সব খুঁজে পেয়ে যাবেন কী হয়েছে কী হয় নাই।’

তামিম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি একটা ব্যাপারই বলেছি, এটা ক্রিকেট বোর্ড। এখানে এখন কেন পক্ষপাতিত্ব হবে? এত বড় গণঅভ্যুত্থানের পরে কেন? ফেয়ার নির্বাচন হলে আমি আসলে আসতাম, অন্য কেউ আসলে আসত (আমি মেনে নিতাম)। আমি একটা কথা বলি কোন (বিসিবির) পরিচালক কোন সাংবাদিককে আমার নিউজগুলা ফরোয়ার্ড করে এটা আমার কাছে স্ক্রিনশট দেওয়া আছে। আমি খালি সময়ের অপেক্ষা করছি, আমি কিছু বলছি না এর মানে মনে করবেন না আমি দুর্বল। আমি কেবল সঠিক সময়ের অপেক্ষা করছি। কোন পরিচালক কোয়াবের নারায়ণগঞ্জের প্রতিনিধিকে ফোন করে বলে, তোমরা ওদের বিরুদ্ধে কথা বলো, এগুলা আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এটা মনে করবেন না এগুলো আমি জানি না বা আমরা জানি না। আমি এগুলো সবই জানি। আমি কেবল সময়ের অপেক্ষায় রয়েছি এগুলো উন্মোচন করতে। আমার সবকিছুর ভিডিওসহ প্রমাণ আছে। সঠিক সময় আসলে আমি এসব দেবো।’
বিসিবি সভাপতি হতে চান কিনা এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই। তবে এটা আমার ইচ্ছার ওপর না। ২৫ জন পরিচালক যদি মনে করে আমি যোগ্য, তাহলে অবশ্যই। যদি মনে করে অন্য কেউ আরও বেটার করতে পারবে তাহলে হবে। আমি মনে করি (যোগ্যতা আছে)। অবশ্যই মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। গত ১৫-২০ বছর এই দেশে আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমার নামই যথেষ্ট, যেকোনো দরজা খুলে দেওয়ার জন্য। আমি যদি কাউকে অনুরোধ করি, কেউ আমার কথা ফেলে না। আল্লাহর রহমতে আমি আর্থিকভাবেও ঠিক আছি। তবুও কেন বিসিবিতে? যেই প্রতিষ্ঠানের কারণে আজকে আমি, সেটাকে এভাবে মাটিতে মিশে যেতে দেখতে পারি না। ভারতে সবাই কিন্তু বিসিসিআইয়ে যায়নি। আমি এখানে মনে করি, আমি জিনিসটাকে এভাবে নষ্ট হয়ে যাওয়া দেখতে পারি না।’
টিজে/এসএন