© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেন্নাইয়ে ধোনিকে ২৫-৩০ বল খেলার সুযোগ দিতে বললেন পুজারা

শেয়ার করুন:
চেন্নাইয়ে ধোনিকে ২৫-৩০ বল খেলার সুযোগ দিতে বললেন পুজারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ১৩ মার্চ, ২০২৬
এবারের আইপিএলে মাহেন্দ্র সিং ধোনির সব ম্যাচ খেলার একরকম নিশ্চয়তা পাওয়া গেছে। কিন্তু তাকে কোন ভূমিকায় দেখা যাবে, সেটা এখনও পরিষ্কার নয়। এই জায়গাতেই চেন্নাই সুপার কিংসকে একটি পরামর্শ দিয়েছেন চেতেশ্বর পুজারা। অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানকে ২৫ থেকে ৩০ বল খেলার সুযোগ দিতে বলেছেন ভারতের সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান।

ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশারদের একজন মনে করা হয় ধোনিকে। এই দায়িত্বে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়েছেন তিনি। যদিও গত আইপিএলে পরিস্থিতির দাবি একদমই মেটাতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। নিচের দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার কাজটি করতে পারেননি।

২০২৫ সালের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ১৩ ইনিংসে ব্যাটিং করে ১৪৫ বল খেলে ধোনি রান করতে পারেন কেবল ১৯৬, সর্বোচ্চ ৩০, স্ট্রাইক রেট ১৩৫.১৭। ওই আসরে ৭ থেকে ৯ নম্বরে ব্যাটিং করতে দেখা যায় তাকে।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করা ধোনিকে এত নিচে নামানোর কোনো যুক্তিই দেখেন না পুজারা। জিওস্টারে তিনি বললেন, ধোনিকে আরও বেশি বল খেলার সুযোগ দেওয়া উচিত চেন্নাইয়ের।

“ধোনির আট কিংবা নয় নম্বরে ব্যাটিংয়ের কোনো যুক্তি আমি দেখি না। কারণ একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তার আছে, যা সিএসকে দলের অন্য কেউ পারে না। তিনি যদি কেবল পাঁচ বা ১০ বল খেলেন, তাহলে ভাবুন মাহি ভাই যদি ২৫ কিংবা ৩০ বল খেলে, কী করবেন।”



এরপর দল হিসেবে চেন্নাই সুপার কিংসের প্রশংসা করেন পুজারা।

“আমি সিএসকে দলের অংশ ছিলাম। ওই পরিবেশে ক্রিকেটাররা খুব স্বচ্ছন্দ্যে থাকে; অনেকটা পরিবারের মতো। এমন দলে থাকলে, খেলোয়াড় হিসেবে আপনার কাছে কী প্রত্যাশা করা হচ্ছে, সেটার একদম পরিষ্কার ধারণা পাবেন। এখানে আনুগত্যের বিষয়টিও চলে আসে, কারণ সিএসকে এর ইতিহাসের দিকে তাকালে দেখবেন, একবার এই দলের অংশ হলে বেশিরভাগ ক্রিকেটারই দীর্ঘ সময় থেকে যান। এখন দলে একটি পালাবদল চলছে। তাই তরুণ ক্রিকেটারদের কিছুটা বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

আগামী ২৮ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।

টিজে/এসএন 

মন্তব্য করুন