বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে / আজই সিরিজ জয়ের সুযোগ
ছবি: সংগৃহীত
১১:১৪ এএম | ১৩ মার্চ, ২০২৬
প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা কোনো অনুশীলন করেননি। হোটেলে বিশ্রামেই সময় কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরা। বিশ্রামের দিনে তারা পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে টিম হোটেলে ইফতারও করেছেন। একদিন বিরতির পর এবার সিরিজ জয়ের সুযোগে আজই মাঠে নামবেন মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় এক ম্যাচ বাকি রেখেই স্বাগতিকরা সিরিজ জয়ের জন্য লড়বেন। অন্যদিকে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়ার পর মানসিকভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ দল।
প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়ে এক ম্যাচ রেখেই সিরিজ জেতার লক্ষ্য নিয়ে তাদের একাদশে কোনো পরিবর্তন না আনারই সম্ভাবনা আছে। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তান ঘুরে দাঁড়ানোর আশা দেখছে। বুধবার ম্যাচের পর দলটির প্রধান কোচ মাইক হেসন বলেন, ‘হ্যাঁ, আমরা সেটার দিকেই তাকিয়ে আছি। আমাদের পারফরম্যান্স নিয়ে অবশ্যই কিছু আত্মসমালোচনা করতে হবে। আমরা খারাপ খেলেছি—এটা অস্বীকার করার কিছু নেই। ব্যাটিংয়ে আমরা ধরা পড়েছি।’ প্রথম ম্যাচে তিনজনের অভিষেক হয়েছিল পাকিস্তানের। টপ অর্ডারে থাকা দুই ব্যাটারই ব্যর্থ হয়েছেন। তবে তাদের সমর্থন দিচ্ছেন কোচ, ‘আমি যেমন বলেছি, এটা শুধু তরুণদের ব্যাপার নয়। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে এবং ব্যাটিংয়ে আরও ভালো পারফরম্যান্স করতে হবে। আমরা অবশ্যই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সেটা করার চেষ্টা করব।’

ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হওয়ার পর কোচ শেখার কথাই বলছেন। ১১৪ রানে গুটিয়ে যাওয়া যেমন অস্বস্তির, তেমনি শেখারও। হেসন বলেন, ‘দেখুন, তরুণদের শিখতে হবে। তাদের শেখার এবং বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমরা অবশ্যই চাই, তারা অভিষেকেই নেমে সেঞ্চুরি করুক; কিন্তু বাস্তবে তাদের কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তাই আগামী কয়েক দিনে আমাদের দৃঢ়তা দেখাতে হবে এবং পরের ম্যাচে ফিরে এসে ভালো লড়াই করতে হবে।’
টিজে/এসএন