সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০২:০৯ পিএম | ১৩ মার্চ, ২০২৬
বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখার মিশন পাকিস্তানের। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন লাল সবুজদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সফরকারীরা এক পরিবর্তন নিয়ে মাঠে নামলেও অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে স্বাগতিকরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১৩ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর সোয়া ২টায়।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে নাস্তানাবুদ করে জিতেছিল বাংলাদেশ। নাহিদ রানার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারে সফরকারীদের মাত্র ১১৪ রানে গুঁড়িয়ে দিয়েছিল টাইগাররা। এরপর তানজিদ হাসান তামিমের আগ্রাসী ফিফটিতে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তু্লে নিয়েছিল স্বাগতিকরা। এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় লাল সবুজরা।
এদিন টস জেতার পর নিজেদের পরিকল্পনা নিয়ে আত্মাবিশ্বাসী টাইগার অধিনায়ক মিরাজ বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আগের ম্যাচটা দারুণ ছিল, বিশেষ করে রানা খুব ভালো করেছে। প্রথম ১০ ওভারে উইকেট নেয়ার চেষ্টা করব। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি আগের ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘উইকেটটা ভালো, কিছুটা সবুজ দেখাচ্ছে। ব্যাটাররা নিজেদের ভুল বুঝেছে এবং এখানে নিজেদের শট খেলতে পারবে বলে আমি বিশ্বাস করি। আগের ম্যাচে আমরা ভালো শুরু করেছিলাম, আশা করি মাঝের ওভারগুলোতেও ভালো করে বড় স্কোর করতে পারব।’
পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এসেছে। লেগস্পিনার আবরার আহমেদকে বিশ্রাম দিয়ে একাদশে নেয়া হয়েছে হারিস রউফকে। প্রথম ম্যাচের দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজু রহমান ও নাহিদ রানা।
এসএস/এসএন