বাবরের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ বাতিল
ছবি: সংগৃহীত
০৩:৩৩ পিএম | ১৩ মার্চ, ২০২৬
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে কথিত যৌন হয়রানির অভিযোগে মামলা দায়েরের নির্দেশ বাতিল করেছেন লাহোর হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি আসাদ জাভেদ গোরাল বাবর আজমের করা এক আবেদনের শুনানি করেন। ওই আবেদনে ‘জাস্টিস অব পিস’-এর দেওয়া এফআইআর দায়েরের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল।
শুনানিতে বাবর আজমের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী হারিস আজমত। তিনি আদালতকে জানান, অভিযোগকারী নারী হামিজা মুখতার ২০১৮ সালে একই ধরনের একটি মামলা করেছিলেন, যা পরে তিনি নিজেই প্রত্যাহার করে নেন।

আইনজীবীর দাবি, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক খ্যাতি অর্জন করেন বাবর আজম। এরপর ওই নারী ১৫০ মিলিয়ন রুপি ক্ষতিপূরণ দাবি করে তাকে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাবর আজম তাকে যৌনভাবে হয়রানি করেছেন এবং অর্থ না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে বাবর আজম ওই দাবি প্রত্যাখ্যান করলে অভিযোগকারী আবার ‘জাস্টিস অব পিস’-এর কাছে মামলা দায়েরের আবেদন করেন। পরে অতিরিক্ত সেশনস জজ (জাস্টিস অব পিস হিসেবে দায়িত্ব পালন করে) বাবর আজমের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন।
পরে বাবর আজম সেই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করেন। শুনানিতে ফেডারেল সরকারের পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আজিজ ভাট্টা এবং পাঞ্জাব সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল খালিদা পারভিন উপস্থিত থেকে আবেদনের বিরোধিতা করেন।
তবে আদালত তাদের যুক্তিতে সন্তুষ্ট না হয়ে বাবর আজমের আবেদন মঞ্জুর করেন এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশকে বাতিল ও অকার্যকর ঘোষণা করেন।
এমআই/এসএন