বাংলাদেশ সফরে যোগ না দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের ২ কোচ
ছবি: সংগৃহীত
০৪:১০ পিএম | ১৩ মার্চ, ২০২৬
আসন্ন পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হয়েছেন নিউজিল্যান্ডের দুই সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এই খবর বেশ পুরোনো। তবে জাতীয় দলের খেলা থাকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের যোগ দেওয়া নিয়ে যে শঙ্কা উঠেছিল, তার অবসান হলো। তাদের ছুটি মঞ্জুর করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পিএসএল। একই দলের কোচিং সেটআপে সাবেক দুই কিউই ক্রিকেটার। রনকি হেড কোচ এবং এই দলে তার সহকারী কোচদের একজন ওরাম। পিএসএল চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। তাতে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও আসন্ন বাংলাদেশ সফরে জাতীয় দলের হয়ে কর্তব্য পালন করতে পারবেন না তারা।
এই সিদ্ধান্তের যুক্তি ব্যাখ্যা করে নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেছেন, রনকি ও ওরামের কোচিং সুযোগকে সমর্থন করে বোর্ড। পিএসএলের অভিজ্ঞতা শুধু তাদের নয়, দলের জন্যও সহায়ক হবে।
স্যান্ডল আরও নিশ্চিত করেছেন, জনি বাসেট-গ্রাহাম ও গ্রায়েম আলড্রিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে রব ওয়াল্টারের সহকারী থাকবেন। আর বাংলাদেশ সফরে সহযোগিতা করবেন ব্রেন্ডন ডঙ্কার্স।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ মার্চ। আর এপ্রিলের ১৭, ২০ ও ২৩ তারিখ বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলবে কিউইরা।
এসকে/টিকে